মালয়েশিয়ার বিপক্ষে টাইগারদের ম্যাচ আজ হবে তো!
বৃষ্টিতে অনুশীলন না হওয়ায় ফুটবল খেলার আগে এভাবেই দাঁড়িয়েছিলেন ক্রিকেটাররা : বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক
এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের অভিযান শুরু হচ্ছে আজ। নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে লিটন দাস-তৌহিদ হৃদয়দের প্রতিপক্ষ মালয়েশিয়া। কিন্তু এই কোয়ার্টার ফাইনালের আগে বাংলাদেশ কতটা প্রস্তুত- এই প্রশ্ন উঠছে। ম্যাচ তো পরিত্যক্ত হচ্ছেই। এমনকি বৃষ্টির মধ্যেও করতে হয়েছে অনুশীলন। আগের দিন কিছু সময় ফিল্ডিং ও ব্যাটিং প্র্যাকটিস করলেও গতকাল ফুটবল অনুশীলন করেই সময় পার করেছেন লিটন বাহিনী। ফুটবলে জাপান এশিয়ার অন্যতম সেরা দেশ হলেও ক্রিকেটে তেমন একটা পরিচিত নয়। এ কারণে ফুটবলের মাঠেও লিটনদের অনুশীলন করতে হয়েছে। তা ছাড়া জাপানে এসময় টাইফুনের মৌসুম হওয়ায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। এমন কিছু যে হওয়ার সম্ভাবনা রয়েছে, আগে থেকেই ধারণা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের।
এশিয়ান গেমসে যাওয়ার আগেই সতীর্থদের লিটন দাস বলেছিলেন- যা প্রস্তুতি নেয়ার দেশেই সেরে নিতে। আর ঠিক এ কারণেই জাপানের অপর্যাপ্ত সুযোগ-সুবিধা নিয়ে কোনো অসন্তোষ নেই বাংলাদেশ অধিনায়কের। তিনি বলেন, ‘দেশ থেকে আসার আগে আমরা অনেক প্র্যাকটিস করেছি। প্লেয়ারদের একটা কথাই বলেছি- ওখানে গিয়ে প্রস্তুতির সুযোগ না-ও থাকতে পারে। যদি বৃষ্টি থাকে তাই মানসিকভাবে সেভাবে প্রস্তুতি নেয়ার জন্য। এই দেশটা ক্রিকেটের জন্য এত পরিচিত না। তারা সেরকম ফ্যাসিলিটি দিতে পারবে কি না এটা নিয়েও সন্দিহান ছিলাম। খেলোয়াড়রা ওখান থেকেই প্রস্তুতি নিয়েছে এবং খেলার জন্য প্রস্তুত।’
বৃষ্টির জন্য অবশ্য অনুশীলন বা ম্যাচ সবই দফায় দফায় ভেস্তে যাচ্ছে। লিটন এ নিয়েও চিন্তিত হতে নারাজ, ‘প্রত্যেক দলের জন্যই একই অবস্থা। খেলা না হলে কিছু করার থাকবে না। বৃষ্টির ওপর কারও নিয়ন্ত্রণ নেই। যতটা সুযোগ-সুবিধা দিয়েছে, চেষ্টা করছি প্রস্তুতি নেয়ার।’
এ সময় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের একাদশ সম্পর্কে জানতে চাইলে লিটন বলেন, আমার মনে হয় উইকেট বোলারদের পক্ষে থাকবে। আমাদের সেরা বোলাররাই খেলবে। ওভারঅল যে টিম কম্বিনেশন থাকে ৫ বোলার, ৬ ব্যাটার।’
এ বছর সর্বসাকুল্যে বাংলাদেশ খেলেছে আট টি-২০। তবে নিয়মিত টি-২০ অধিনায়ক লিটন চোটে পড়ায় ২ মে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০র পর আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলার সুযোগ পাননি। হৃদয় ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন, হৃদয়, মোস্তাফিজুর রহমান টি-২০ ক্রিকেটাররা এক হওয়ার সুযোগ তেমন পাননি। তবে দেশ ছাড়ার আগে ক্যাম্প করেছিলেন তারা। নিজেরা ভাগাভাগি হয়ে প্রস্তুতি ম্যাচও খেলেছিলেন। লিটনের মতে সতীর্থরা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। 
এশিয়ান গেমস ছেলেদের ক্রিকেটে চার ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। যার মধ্যে রয়েছে পাকিস্তান-হংকং, ভারত-আফগানিস্তান। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী নিশিনে আজো বৃষ্টির সম্ভাবনা ৯৭ শতাংশ। লিটন বলেন, ‘প্রত্যেকটা দলের জন্যই তো একই অবস্থা।’
স্বর্ণ জয়ের লক্ষ্য থাকলেও আপাতত কোয়ার্টার ফাইনাল পার হওয়ার দিকেই সব মনোযোগ, আগে প্রথম ম্যাচ খেলি। জিতলে তারপর চিন্তা করব। দেশ ছাড়ার আগে একটা কথা বলেছিলাম, আমাদের প্রথম লক্ষ্য ফাইনালে যাওয়া। স্বর্ণ পরের বিষয়। কালকের (আজ) যে ম্যাচ আছে এটা অনেক ইম্পরট্যান্ট, আপাতত এদিকেই মনোযোগ রাখছি।
নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে আজ বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে বাংলাদেশ। আজ কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয়, তবে না খেলেই সেমিফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ। সেক্ষেত্রে আগামী ১ অক্টোবরে শেষ চারে তাদের প্রতিপক্ষ হবে পাকিস্তান। এদিকে গতকাল আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচে র‌্যাংকিংয়ের সুবাদে সেমিতে উঠেছে ভারত। একইভাবে হংকংয়ের বিপক্ষে না খেলেই সেমিতে পাকিস্তান।