চীনা রাষ্ট্রদূত, বাংলাদেশ
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় তিনি জানিয়েছেন, বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) এ তথ্য জানিয়েছেন।

হাসান শিপলু বলেন, এটি ছিল বিদায়ী সাক্ষাৎ। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সাথে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরো সম্প্রসারণ এবং রোহিঙ্গা সঙ্কটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বারোপ করেছেন।

বৈঠকে বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে। দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং নিউইয়র্কে বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় তাকে অভিনন্দন জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত।

ইয়াও ওয়েন ২০২৩ সাল থেকে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এ বছরের সেপ্টেম্বরে তার মেয়াদ শেষ হবে।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। অন্যদিকে চীনা রাষ্ট্রদূতের সাথে ছিলেন ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন।

সূত্র : ইউএনবি