
ক্রীড়া ডেস্ক
ইউরোপের ফুটবলে এক সময় চমক দেখিয়েছিল গ্রিস। থিওডোরোস জাগোরাকিসের অধিনায়কত্বে এবং কোচ অটো রেহগালের অধীনে ২০০৪ সালের ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল বলকান উপদ্বীপের সর্বদক্ষিণে অবস্থিত দেশটি। ইউরো চ্যাম্পিয়নের পর দীর্ঘ অপেক্ষা জাতীয় দলের। এখন আবার আলোচনায় নেশন্স লিগের চলমান আসরে। জাতীয় দল নতুন প্রজন্মের ফুটবলারদের হাত ধরে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। তাদের পারফরম্যান্স সে জাগরণের সবচেয়ে বড় ইঙ্গিত। প্রথমবারের মতো নেশন্স লিগের সর্বোচ্চ স্তর লিগ ‘এ’-তে ওঠে শুরুতেই বড় দুই চমক দিয়েছে গ্রিস।
বেলগ্রেডে লিগের প্রথম ম্যাচে গত ২৫ সেপ্টেম্বর সার্বিয়ার বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়লেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দলটি। ক্রিস্টোস জোলিস ৭৪ মিনিটে সমতা ফেরানোর পর অতিরিক্ত সময়ে তাসোস দুভিকাসের গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে গ্রিস। নেশন্স লিগের শীর্ষ স্তরে এটিই ছিল তাদের প্রথম জয়।
লিগের দ্বিতীয় ম্যাচে আরো বড় ইতিহাস ঘটিয়েছে জার্মানির বিপক্ষে। অগাসবুর্গে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে গ্রিস। ৭৪ মিনিটে দিমিত্রিস কোরবেলিসের শট ডিফ্লেক্ট হয়ে জালে জড়ায়। এ জয় ছিল জার্মানির বিপক্ষে গ্রিসের ইতিহাসে প্রথম। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ২’-এর শীর্ষেও রয়েছে তারা।
এ সাফল্যের পেছনে নতুন প্রজন্মের উত্থানও গুরুত্বপূর্ণ। কনস্টান্টিনোস কারেতসাস, ইয়ানিস কনস্টানটেলিয়াস, কনস্টান্টিনোস জোলাকিস ও ক্রিস্টোস জোলিসের মতো তরুণরা ইউরোপের বড় লিগে জায়গা করে নিচ্ছেন। একই সাথে গ্রিসের বয়সভিত্তিক দলগুলোও ভালো করছে। এ জয়কে এখন দেখা হচ্ছে গ্রিক ফুটবলের দীর্ঘমেয়াদি পুনর্গঠনের প্রতিচ্ছবি। ১ অক্টোবর সে ধারাবাহিকতার আরেকটি পরীক্ষার প্রতিপক্ষ টোটাল ফুটবলের দেশ নেদারল্যান্ডস।
এ দিকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বেঞ্চে বসিয়ে জয় নিয়ে ফিরেছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। এটি তাদের টানা দ্বিতীয় জয়। অসলো স্টেডিয়ামে আগের ম্যাচের জয়ের নায়ক জোয়াও ফেলিক্সের গোলে ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। ৫১ মিনিটে আর্লিং হলান্ডের গোলে সমতায় ফেরে নরওয়ে। কিন্তু সে সমতা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি গনসালো রামোস। ৩ মিনিটে পরই গোল করে পর্তুগালকে এগিয়ে নেন সিরি ‘আ’ ক্লাব এসি মিলানের এ ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ওই গোলেই জয় নিশ্চিত হয় পর্তুগালের।
এ দিন সার্বিয়াকে তাদেরই মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডস। ম্যাক্স মিরডিঙ্কের পেনাল্টি গোলে ম্যাচের ৩০ মিনিটে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর ৪৬ মিনিটে সার্বিয়াকে সমতায় ফেরান লুকা জোভিক। ৬৯ মিনিটে আবার মিরডিঙ্কের গোলে জয় নিশ্চিত হয় ডাচদের। হাঙ্গেরির ডেব্রেসেনে ১২ মিনিটের ঝড়ে ইসরাইলকে ৩-০তে উড়িয়ে দিয়েছে আয়ারল্যান্ড। ওয়েলসকে ২-০ গোলে হারিয়েছে ডেনমার্ক। কসভোর বিপক্ষে ৩-১ গোলের জয় অস্ট্রিয়ার। জিব্রাল্টারের মাঠে গোলশূন্য ড্র করেছে অ্যান্ডোরা।








