
কিশোর গ্যাংয়ের ২৪৪ সদস্য আটক
লক্ষ্মীপুর জেলার ছয়টি থানায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়েছে জেলা পুলিশ। গত রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত যৌথ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে মোট ২৪৪ জনকে আটক করা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি এই বিশেষ অভিযানে অংশগ্রহণ করেন। জেলা পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে সদর থানায় ৪২ জন, চন্দ্রগঞ্জে ২১ জন, রায়পুরে ৪৪ জন, রামগঞ্জে ৩৭ জন, রামগতিতে ৪৪ জন এবং কমলনগর থানায় ৫৬ জন রয়েছেন। কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাত সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তালিকাভুক্ত স্থানগুলোতে গুরুত্ব দিয়ে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের অপরাধের সাথে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ। লক্ষ্মীপুর প্রতিনিধি।
চুয়াডাঙ্গা সীমান্তে মাদকদ্রব্য জব্দ
চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দর্শনা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (৬ বিজিবি) এক বিশেষ অভিযানে বিপুল চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গতকাল সোমবার ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেয় দর্শনা, মুন্সীপুর, আইসিপি ও ফুলবাড়ী বিওপির বিজিবি টহল দল। বিজিবি জানায়, জব্দকৃত চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৪১ হাজার ১০০ টাকা। উদ্ধার পণ্যের মধ্যে রয়েছে ১৯ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ২০০ পিস ক্রিম, ৩ বক্স চিকিৎসাসামগ্রী, ২টি শাড়ি, ৩৪৮ পিস প্রসাধন সামগ্রী, ৯.৯ কেজি পারদ এবং ১টি মোটরসাইকেল। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্ত সুরক্ষা, অবৈধ চোরাচালান রোধ এবং মাদক প্রতিরোধে বিজিবি সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকাকে সব ধরনের অপরাধমুক্ত রাখতে বিজিবির অভিযান ভবিষ্যতেও জারি থাকবে। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা।
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
কিশোরগঞ্জের বাজিতপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী ঝর্ণা আক্তারকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়। গতকাল সোমবার সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি বর্তমানে পলাতক রয়েছেন। জানা যায়, ২০১৬ সালের ১২ এপ্রিল রাতে ইসমাইল তার শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রী ঝর্ণাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ঝর্ণাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের মা বাদি হয়ে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পলাতক আসামিকে গ্রেফতারে পরোয়ানা জারি করা হয়েছে। কিশোরগঞ্জ প্রতিনিধি।
কুষ্টিয়া সীমান্তে অস্ত্র-গুলি উদ্ধার
কুষ্টিয়ার সীমান্ত এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি একনলা পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মদনের ঘাটে এ অভিযান চালানো হয়। বিজিবি জানায়, বিজিবির একটি চৌকস টহল দল মদনের ঘাট এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া এসব অবৈধ অস্ত্র ও গুলির আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১০ হাজার ৪০০ টাকা। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, মাদক ও সীমান্ত সংক্রান্ত অপরাধ রোধে বিজিবির নিয়মিত গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তে বিজিবির এ ধরনের কঠোর তৎপরতা সর্বদা চালু থাকবে। কুষ্টিয়া প্রতিনিধি।
হত্যা মামলার আসামির আত্মসমর্পণ
নড়াইলের কালিয়া উপজেলায় মাদকসেবনে বাধা দেয়ায় কৃষক মানসুর মোল্যাকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত হাসিব মোল্যা (২০) থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। গতকাল সোমবার সকালে কালিয়া থানায় হাজির হয়ে তিনি নিজ থেকে ধরা দেন। জানা যায়, মাদকসেবনে বাধা দেয়ার জেরে গত শুক্রবার ইউপি মেম্বার কাসেদ মোল্যার সাথে অভিযুক্ত হাসিবের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জের ধরে শনিবার রাতে হাসিবকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সে ক্ষিপ্ত হয়ে কাসেদের চাচাতো ভাই মানসুর ও নূর ইসলামকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মানসুর মারা যান। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী জানান, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নড়াইল প্রতিনিধি।
বিপুল মদ ও ভারতীয় গরু জব্দ
হবিগঞ্জের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল মদ জব্দ করেছে বিজিবি। গত দুই দিনে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ৫৫ বিজিবির টহল দল এসব উদ্ধার করে। বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ২৯ হাজার টাকা। বিজিবির চিমটিবিল বিওপির টহল দল চুনারুঘাট উপজেলার আমু চা-বাগান এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা। অপর দিকে কালেঙ্গা ও তেলিয়াপাড়া বিওপি চুনারুঘাট ও মাধবপুরের চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ৬৬ বোতল মদ জব্দ করে। হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান, জব্দকৃত মালামাল বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কাজ চলছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে। সিলেট ব্যুরো।
নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার
পিরোজপুরের ভান্ডারিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাইউম জোমাদ্দারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে ভান্ডারিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাইউম উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হামিদ জোমাদ্দারের ছেলে। পুলিশ জানায়, কাইউম আওয়ামী লীগ ঘোষিত সরকারবিরোধী নানা তৎপরতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সমর্থ হয়। কাইউমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বিগত সরকারের আমলে তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানি করত। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান জানান, গ্রেফতারকৃত কাইউমের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। সোমবার আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা।
সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে জুয়েল মিয়া (৩৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত পাঁচজন গুলিবিদ্ধসহ মোট ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে উপজেলার শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, শান্তিপুর গ্রামের দুই সামাজিক গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার ভোরে সফু সরকারের নাতি মোক্তার হোসেনের নেতৃত্বে নরসিংদী থেকে লোক এনে প্রতিপক্ষের ওপর হামলা চালানো হয়। এতে উভয়পক্ষ সংঘর্ষ ও গোলাগুলিতে জড়িয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় আহত জুয়েলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।








