নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব গ্রহণ, (ডানে) মতবিনিময়
নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব গ্রহণ, (ডানে) মতবিনিময়। নয়া দিগন্ত

দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সিলেট চেম্বারের প্রশাসকের দায়িত্ব পালন করা সিলেট জেলা প্রশাসনের এডিএম পিংকি সাহার কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

এর পরপরই নবনিযুক্ত প্রশাসক সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময় সভায় মিলিত হন। চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রশাসক এজাজ আহমদ চৌধুরী বলেন, ‘দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন। কিন্তু বিগত কয়েক বছর ধরে সুষ্ঠু নেতৃত্বের অভাবে এই সংগঠন নিষ্প্রভ ও অকার্যকর হয়ে আছে।’

তিনি বলেন, ‘সিলেটের ব্যবসায়ী মহলের দাবির পরিপ্রেক্ষিতে চেম্বারে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য আমাকে প্রশাসক নিযুক্ত করা হয়েছে। এজন্য আমি সিলেটের ব্যবসায়ী মহলকে ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি উল্লেখ করেন, ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা ছাড়া সিলেট চেম্বারের আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব নয়। তাই তিনি আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে চেম্বারের সকল নেতৃবৃন্দ ও সদস্যদের সহযোগিতা কামনা করেন।

সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসকের দায়িত্বভার গ্রহণের জন্য এজাজ আহমদ চৌধুরীকে অভিনন্দন জানিয়ে বলেন, ব্যবসায়ীদের সংগঠন ব্যবসায়ীদের দ্বারাই পরিচালিত হওয়া উচিত। ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা কেবল একজন ব্যবসায়ী নেতাই ভালোভাবে বুঝতে পারবেন। তারা সিলেট চেম্বারের আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সর্বোচ্চ যাচাই-বাছাইক্রমে একটি গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রণয়নের আহ্বান জানান এবং এ ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: হিজকিল গুলজার, সাবেক সহ-সভাপতি হাজী ইফতেখার আহমদ সোহেল, সাবেক সহ-সভাপতি এহতেশামুল হক চৌধুরী, সাবেক পরিচালক মো: আবুল ফজল, আমিরুজ্জামান চৌধুরী, নুরুল ইসলাম, মো: বশিরুল হক, খন্দকার ইসরার আহমদ রকি, সদস্য আলীমুছ সাদাত চৌধুরী, আব্দুর রহমান রিপন, নিয়াজ মো: আজিজুল করিম, মো: আবুল কালাম, নাফিস জুবায়ের, মো: আলী আকিক, এ কে এম আশরাফ উদ্দিন, লুৎফুর রহমান লিলু, মো: জহির হোসেন, দেওয়ান তৌফিক মজিদ লায়েক, মো: নাহিদুর রহমান, খন্দকার কাওছার আহমদ রবি, নুর আহমেদ খান সাদেক, মো: মঞ্জুর আহমদ ও অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।