
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) চীনা ভাষা শিক্ষা সেন্টার উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেএসপির অডিও ভিজ্যুয়াল সেন্টারে ফিতা ও কেক কাটার মাধ্যমে সেন্টারটির উদ্বোধন করেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এবং চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের পার্টি সেক্রেটারি রুয়ান চাওচি। এ সময় ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও বিকেএসপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিকেএসপির প্রশিক্ষণার্থী ও চীনা ক্রিকেট প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ ছাড়া চীনা প্রতিনিধি দল বিকেএসপির কলেজ শাখায় স্থাপিত ল্যাঙ্গুয়েজ ল্যাব, ইনডোর ক্রিকেট সেন্টার ও তাইচি সেন্টার পরিদর্শন করেন। এর আগে প্রতিনিধি দলটি বিকেএসপির মহাপরিচালকের সাথে মতবিনিময় করেন। ২০২৪ সালে বিকেএসপি ও ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। এর আওতায় ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বিকেএসপিতে তাইচি সেন্টার স্থাপন, প্রশিক্ষণার্থীদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে এক্সচেঞ্জ ট্রেনিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি বিকেএসপি ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রিকেট প্রশিক্ষণ দিচ্ছে। সাভার (ঢাকা) সংবাদদাতা।








