
ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদী ইসিবি চত্বরে নির্মাণাধীন নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের প্রকল্পে অস্ত্রধারী দুর্বৃত্তদের হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় প্রতিষ্ঠানের পরিচালক মো: সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।
ওই প্রকল্প এলাকার ভেতরে জনপ্রিয় কনটেন্ট নির্মাতা সালমান মুহাম্মদ মুক্তাদির (৩৩) ভাড়া নিয়ে ‘ব্রাউন ফিস’ নামে একটি স্টুডিও পরিচালনা করে আসছেন।
এজাহারে বলা হয়েছে, গত ২৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে অভিযুক্তরা পূর্ব শত্রুতার জের ধরে পিস্তল, রিভলবার, শটগান, চাপাতি, রামদা, ছোরা, রড ও লাঠিসোঁটা নিয়ে প্রকল্প এলাকায় ঢুকে পড়ে। বাদির অভিযোগ অনুযায়ী, নির্মাণাধীন এই ভবন ও সম্পত্তির ওপর অভিযুক্তদের দীর্ঘদিনের দখল-সংক্রান্ত বিরোধ ছিল। হামলাকারীরা প্রথমে প্রায় ৫০ রাউন্ড গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে, যার ফলে নিরাপত্তারক্ষীরা ছোটাছুটি শুরু করেন এবং আশপাশের নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন।
এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা প্রকল্পের সাইড ইঞ্জিনিয়ার মো: পারভেজকে (২৮) মারধর করে গুরুতর জখম করে। অভিযুক্তদের একজন রিভলবারের বাঁট দিয়ে তার মাথায় আঘাত করলে মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর অন্য এক অভিযুক্ত ছোরা দিয়ে তার ডান পায়ের হাঁটুর নিচে এবং রামদা দিয়ে বাম হাত ও পিঠে কোপ দেয় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া পারভেজের পকেট থেকে নগদ সাত হাজার টাকা ছিনিয়ে নেয়া হয় বলেও এজাহারে বলা হয়েছে।
পারভেজকে বাঁচাতে এগিয়ে আসা নিরাপত্তারক্ষী সৈয়দ নজরুল ইসলামও (৪৪) মারধরের শিকার হন বলে অভিযোগ। তার কাছ থেকে নিরাপত্তা কাজে ব্যবহৃত একটি ওয়্যারলেস সেট, নগদ দুই হাজার টাকা এবং একটি আইটেল ব্র্যান্ডের হ্যান্ডসেট ছিনিয়ে নেয়া হয়। এরপর হামলাকারীদের একটি অংশ প্রকল্পের প্রধান ফটক, লোহার গেট ও সিঁড়ির গেট লক্ষ্য করে অন্তত ১৫-১৬ রাউন্ড গুলি ছোঁড়ে, যাতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবি করা হয়েছে।
এজাহারে আরো বলা হয়, অভিযুক্তরা প্রকল্পের অফিস কক্ষে ঢুকে চারটি কম্পিউটার মনিটর, চারটি ডিভিআর, একটি ফ্রিজ, সাতটি ল্যাপটপ, চারটি কাঠের টেবিল, আটটি চেয়ার ও একটি কাঠের আলমারি ভাঙচুর করে, যাতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়। এছাড়া অফিস কক্ষে নির্মাণসামগ্রী কেনার জন্য রাখা নগদ ২৫ লাখ টাকা লকার ভেঙে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। প্রকল্প এলাকায় রাখা এসিআই কোম্পানির ১০ মিলি, ২০ মিলি ও ২৩ টন রড, যার আনুমানিক মূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা এবং পাশে থাকা ক্রিস্টাল প্যালেস ভবনের সামনে রাখা মালিক মোঃ সুমনের (৪০) একটি সিএফ মোটর স্কুটার, যার মূল্য প্রায় চার লাখ টাকা, তাও চুরি হয়ে যায় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা এরপর প্রকল্পের অন্য একটি ভবনের নিচতলায় থাকা স্টোররুম থেকে নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায়। এর মধ্যে রয়েছে একটি কোম্পানির চার মিলি, ছয় মিলি ও দশ মিলি মিলিয়ে প্রায় ২০০ কয়েন তার (আনুমানিক মূল্য ৫৫ লাখ টাকা), পাঁচটি পানির পাম্প (১ লাখ টাকা), নির্মাণসামগ্রী ছাদে তোলার সরঞ্জাম (১ লাখ ৮০ হাজার টাকা), পাঁচটি ল্যাপটপ ও একটি কম্পিউটার (৩ লাখ ২০ হাজার টাকা) এবং সিসি ক্যামেরার ডিভিআর-মনিটর (৭৫ হাজার টাকা)।
এজাহারে আরো উল্লেখ করা হয়, প্রকল্প এলাকার ভেতরে জনপ্রিয় কনটেন্ট নির্মাতা সালমান মুহাম্মদ মুক্তাদির (৩৩) ভাড়া নিয়ে ‘ব্রাউন ফিস’ নামে একটি স্টুডিও পরিচালনা করে আসছিলেন। হামলাকারীরা ওই স্টুডিওতেও অনধিকার প্রবেশ করে দুটি টিভি, এসি ও অন্যান্য দামি আসবাবপত্র ভাঙচুর করে, যাতে প্রায় ৯৫ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবি করা হয়েছে। এছাড়া স্টুডিও থেকে ১০০ ইঞ্চির দুটি টিভি (৮ লাখ টাকা) এবং একটি সার্ভার সেটআপ (৫ লাখ টাকা) চুরি হয়ে যায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।








