চৌগাছায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে
চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ দুই শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ছবি সংগৃহীত

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে আবু হুরাইরা (৪) ও মাহমুদ হাসান (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা গ্রামের আরিফ হোসেন ঢালির ছেলে আবু হুরাইরা (৪) ও তার ভাগ্নে যশোর সদর উপজেলার কাসিমপুর ইউনিয়নের রহেলাপুর গ্রামের আসাদুজ্জামান শান্তর ছেলে মাহমুদ হাসান (৩) বাড়ির উঠানে খেলছিল। এ সময় পরিবারের লোকজনের অগোচরে এ দুই শিশু বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে, শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের সদস্যরা দুই শিশুকে উদ্ধার করেন। পরে, চৌগাছা আনিছুজ্জামান হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।