
অনলাইনভিত্তিক প্রতারণা ও জাল নথি তৈরির সাথে জড়িত থাকার অভিযোগে যশোরে চারজনকে আটক করেছে এসআরবি-৬ যশোরের সদস্যরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে যশোর শহরের রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক যুবকদের কাছ থেকে বিভিন্ন দেশের নামে তৈরি করা নকল ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, অনলাইনে জাল নথি তৈরিতে ব্যবহৃত কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটকরা হলেন— ঝিনাইদহ জেলার সদর উপজেলার বোংকিরা গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে আল মুছাব্বির রিয়াদ, যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের ইমান আলীর ছেলে রাসেল হোসেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাতানগাছি গ্রামের শহিদুজ্জামানের ছেলে ফাহিম সাদিক ও একই উপজেলার জলিলপুর গ্রামের সজল আলীর ছেলে সিয়াম আলী।
অভিযোগ রয়েছে, চক্রটির মূল টার্গেট ছিল বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিরা। তারা বিভিন্ন দেশের নাগরিকদের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য গুরুত্বপূর্ণ কার্ডের তথ্য সংগ্রহ বা হ্যাক করে সেসব নথিতে বাংলাদেশী নাগরিকদের ছবি ও তথ্য বসিয়ে জাল নথি তৈরি করতেন। পরে এসব নকল নথি বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের কাছে চড়া দামে বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
এসআরবি-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স জানান, দীর্ঘদিন ধরে রেলবাজার এলাকার লাল মিয়ার একটি ভাড়া বাড়িতে বসে তারা এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন।
তিনি আরো বলেন, চক্রটির বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণাসহ একাধিক অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে আটক করা হয়। অভিযানকালে বিভিন্ন দেশের নামে তৈরি করা নকল ড্রাইভিং লাইসেন্স, নকল ভোটার আইডি কার্ড, অনলাইনে তৈরি বিভিন্ন জাল নথি ও কম্পিউটার-সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এসআরবি-৬ জানিয়েছে, প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণা ও জাল নথি তৈরির সাথে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।








