গোপালগঞ্জ, হিন্দু, বাড়ি
হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। বাসস
ads

বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় চার হিন্দু পরিবারের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার রাজপাট ইউনিয়নের হাইশুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন পার্শ্ববর্তী শিল্টা ও তেঁতুলিয়া গ্রাম থেকে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে হাইশুর গ্রামে হামলা চালায়। এ সময় রাজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ক্ষিরোদ বিশ্বাসের তিনটি বসতঘর ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি অনির্বাণ বিশ্বাসের দুটি বসতঘর, চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি পোল্ট্রি খামার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গণপতি বিশ্বাসের দুটি বসতঘর এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম বিশ্বাসের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের সদস্য হওয়ায় তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এ ঘটনার পর থেকে চারটি পরিবার আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে কাশিয়ানী থানা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র : বাসস