ফটিকছড়ি, গুলি
সিএনজি অটোরিকশায় করে এসে গুলি চালায় দুর্বৃত্তরা। নয়া দিগন্ত
ads

চট্টগ্রামের ফটিকছড়িতে বোরকা পরিহিত দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিবর্ষণে পথচারী ও ব্যবসায়ীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। 

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজার ও চৌমুহনী মোড়ে এই হামলার ঘটনা ঘটে। পরে হামলায় ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ও চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

আহতরা হলেন- জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। 

তারা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে পশ্চিম সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বোরকা পরা চার থেকে পাঁচজন দুর্বৃত্ত চুঁরখারহাট বাজারে আসে। বাজারের মোড়ে পৌঁছে তারা অটোরিকশায় বসেই এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এরপর উত্তর দিকে চৌমুহনী মোড়ে গিয়েও তারা অটোরিকশা থেকে ফাঁকা গুলি ছুড়ে। হামলার পর দুর্বৃত্তরা হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে পালিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে অটোরিকশাটিসহ চালক মো: জাবেদ হোসেনকে আটক করেন। তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সাহাব মিয়ার ছেলে।

আটক চালক জাবেদ হোসেনের দাবি, নাজিরহাটের ঝংকার মোড় থেকে সুয়াবিলের শোভনছড়ি যাওয়ার কথা বলে পাঁচজন অপরিচিত ব্যক্তি তার অটোরিকশাটি ভাড়া করেছিলেন। চুঁরখারহাট বাজারে পৌঁছানোর পর তারা ভেতর থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে চৌমুহনীর দিকে অটোরিকশা চালাতে বাধ্য করেন দুর্বৃত্তরা। পাঁচজনই অস্ত্রধারী হওয়ায় প্রাণভয়ে তিনি তাদের নির্দেশ মেনে চলেন।

সুয়াবিল ইউনিয়নের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো: মনসুর আলী জানান, আকস্মিক এই গুলিবর্ষণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর শত শত মানুষ বাজারে জড়ো হন এবং সবাই হতভম্ব হয়ে পড়েন।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। জব্দ করা অটোরিকশা ও আটক চালক পুলিশি হেফাজতে আছেন। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।