মাদরাসা ছাত্র হাফেজ মো: তাহসীন
মাদরাসা ছাত্র হাফেজ মো: তাহসীন। নয়া দিগন্ত

ভোলার চরফ্যাশনে প্রকাশ্য দিবালোকে এক মাদরাসা ছাত্রকে অপহরণ চেষ্টার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় আনতে ইতোমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ফাতেমা মতিন মহিলা কলেজের পূর্ব পাশের খালপাড় সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাস্টার মহল্লার মাদরাসার সহকারী অধ্যাপক মিজানুর রহমানের ছেলে হাফেজ মো: তাহসীন মাদরাসায় যাচ্ছিল। ফাতেমা মতিন মহিলা কলেজের পূর্ব পাশের খালপাড় সড়কে পৌঁছালে একটি নোহা মাইক্রোবাসে থাকা তিনজন মুখোশধারী যুবক তাকে থামায়। তারা একটি কাগজের টুকরো দেখিয়ে ঠিকানা জিজ্ঞেস করার বাহানায় নেশা মেশানো রুমাল দিয়ে তাহসীনের মুখ চেপে ধরার চেষ্টা করে।

তাহসীন বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে আহত করা হয়। তবে দমে না গিয়ে তাহসীন সাহসিকতার সাথে এক পাচারকারীর হাতে কামড় দিয়ে চিৎকার শুরু করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অপহরণকারীরা দ্রুত মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। আহত তাহসীনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

অপরাধীদের দ্রুত শনাক্ত করতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

চরফ্যাশন থানার ওসি (তদন্ত) খলিলুর রহমান বলেন, আমরা অভিযোগটি পেয়ে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছি। আশা করছি দ্রুততম সময়ের ভেতরে অপরাধীদের আটক করতে সক্ষম হব।

অভিযোগকারী মো: মিজানুর রহমান জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে এই মুখোশধারী চক্রটিকে আটক করে বিচারের মুখোমুখি করা দরকার।