
কুকুরের কামড়ে শিশুর মৃত্যু
গাইবান্ধার সাদুল্লাপুরে কুকুরের কামড়ে সিনথিয়া আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার কামারপাড়া ইউনিয়নের উত্তর হাটবামুনী এলাকায় এ ঘটনা ঘটে। সিনথিয়া ওই গ্রামের সনজু মিয়ার মেয়ে। স্থানীয় ইউপি সদস্য মাজহারুল মাজেদ বাবু জানান, প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে একটি কুকুর সিনথিয়াকে ধাওয়া করে এবং কামড়ে দেয়। স্বজনরা তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিলকিস চৌধুরী এবং প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীক জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউএনও জানান, আতঙ্কিত না হয়ে কুকুরের কামড়ের পর দ্রুত চিকিৎসকের পরামর্শ ও জলাতঙ্কের টিকা দিতে হবে। বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা।
প্রকৌশলীর কার্যালয়ে তালা
সিলেটের গোয়াইনঘাটে পিরিজপুর-সোনারহাট সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকালে কলেজ গেট-সংলগ্ন এলাকায় কর্মসূচি শেষে উপজেলা প্রকৌশলী হাসিব আহমদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা। শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ দিন ধরে সড়কটির বিভিন্ন অংশ বেহাল থাকায় দুই-তিনটি ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েছেন। বারবার আবেদন ও মানববন্ধন করেও কার্যকর উদ্যোগ না পাওয়ায় তারা এ কর্মসূচি পালন করেন। ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকৌশলীর গাফিলতিতে দুই বছরেও কাজ শেষ হয়নি বলে অভিযোগ তাদের। উপজেলা প্রকৌশলী হাসিব আহমদ বলেন, কাজটি বাতিলের জন্য ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা।
সোনারগাঁওয়ে কৃষকদল নেতা গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি ও বারদী ইউনিয়ন কৃষকদলের সহসভাপতি নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রোববার রাতে বারদী ইউনিয়নের মান্দারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত সোমবার তাকে সোনারগাঁও থানায় হস্তান্তর এবং পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ সূত্র জানায়, নুর মোহাম্মদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও হত্যাসহ ১২টি মামলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন অপরাধে জড়িত। তবে জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন দিপু বলেন, পুরনো একটি ডাকাতি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।
সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলে সুরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার বিকেলে টাঙ্গাইল শহর বাইপাসের দরুণ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুরমান রেজা সদর উপজেলার গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং ভাটচান্দা গ্রামের আবু হানিফের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল-উত্তরবঙ্গ মহাসড়কের পাশে দরুণ এলাকায় একটি পরিত্যক্ত ফিলিং স্টেশনের সামনে সুরমানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। টাঙ্গাইল প্রতিনিধি।
প্রকাশ্যে ফাঁকা গুলিবর্ষণ
নেত্রকোনার পূর্বধলায় প্রকাশ্যে ফাঁকা গুলিবর্ষণের অভিযোগ উঠেছে বিএনপি নেতা আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে। তিনি জেলা তাঁতীদলের সহসম্পাদক ও খালিশপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে খলিশওর ইউনিয়নের ইচুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মসজিদে দান করা টাকা নিয়ে বিরোধের জেরে আবু বকর বাজারে গিয়ে চিৎকার-চেঁচামেচি করেন। একপর্যায়ে তিনি লাইসেন্সবিহীন পিস্তল বের করে ফাঁকা গুলি ছোড়েন। এতে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলির একটি খোসা উদ্ধার করে। পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আবু বকরের নামে কোনো অস্ত্রের লাইসেন্স নেই। থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নেত্রকোনা প্রতিনিধি।
ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। গতকাল মঙ্গলবার সকালে শহরের সাধনার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশ করে। এতে নেতৃত্ব দেন জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার। সমাবেশে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। রাজাপুর, কাঠালিয়া, নলছিটি ও সদর উপজেলা যুবদলের নেতাকর্মীরাও এতে অংশ নেন। মিছিল থেকে সারা দেশে নৈরাজ্য, সহিংসতা ও অস্থিতিশীলতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয়া হয়। জেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরাও মিছিলে অংশ নেন। ঝালকাঠি প্রতিনিধি।
রাকিবা হত্যা মামলার আসামি গ্রেফতার
দিনাজপুরে চার বছরের শিশু রাকিবা আক্তার রুমি হত্যার ঘটনায় মূল আসামি রিপন টুডু ও শিশুটির মা জিন্নাতুন বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোররাতে রিপনের দেয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের জামতলী থেকে মাটিতে পুঁতে রাখা রাকিবার লাশ উদ্ধার করা হয়। ডিবির ওসি আলমগীর হোসেন জানান, হত্যার কারণ ও ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা জানতে দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, জিন্নাতুনের সাথে রিপনের ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে শিশুটি বাধা হতে পারে। এ কারণে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দিনাজপুর প্রতিনিধি।
সার ডিলার নিয়োগে স্বচ্ছতার দাবি
মেহেরপুরে সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নুরুর রহমান, তাওফিকুল ইসলাম ও আবুল হোসেন বক্তব্য দেন। বক্তারা বাছাই কমিটিতে আবেদনকারী ডিলারদের প্রতিনিধিত্ব, যোগ্যতার ভিত্তিতে অগ্রাধিকার তালিকা প্রকাশ এবং অযোগ্য আবেদনকারীদের বাতিলের কারণ জানানোসহ বিভিন্ন দাবি জানান। নির্ধারিত সংখ্যার চেয়ে যোগ্য আবেদনকারী বেশি হলে প্রকাশ্যে লটারির মাধ্যমে ডিলার নিয়োগের দাবিও করেন তারা। তাদের অভিযোগ, যোগ্যদের বাদ দিয়ে রাজনৈতিক পরিচয়ে দলীয় লোক নিয়োগের চেষ্টা চলছে। স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মেহেরপুর প্রতিনিধি।








