দুধ, ওয়াশিং মেশিন,  নিয়ন্ত্রিত, এআই, নিরাপত্তা,  মাইক্রোসফট প্রেসিডেন্ট,
এআইয়ের প্রতীকী ছবি। সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণের লক্ষ্যে আরো কঠোর নিরাপত্তাবিধি প্রয়োজন বলে সতর্কতা ব্যক্ত করেছেন মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ। তাঁর মতে, দুধ ও ওয়াশিং মেশিনের চেয়েও কম নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এআই। এ প্রযুক্তি একবার নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা থামানোর ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইনি দায়বদ্ধতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। 

Advertisement

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান সোমবার (১২ অক্টোবর) জানায়, বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে স্মিথ বলেন, ‘এই মুহূর্তে এআইয়ের চেয়ে আপনার ওয়াশিং মেশিনের ওপর বেশি নিরাপত্তাবিধি প্রযোজ্য। মুদি দোকানে বিক্রি হওয়া প্রতিটি দুধের প্যাকেটও নিরাপত্তাবিধি ও পরিদর্শনের আওতায় থাকে।’

এআই নিয়ন্ত্রণে কঠোর বিধি প্রণয়নের দাবি জানাচ্ছেন বিশেষজ্ঞ, রাজনীতিক ও নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা। প্রযুক্তিটির দ্রুত বিকাশের গতি কমানোর পক্ষেও সতর্ক করেছে অ্যানথ্রপিক, গুগল ডিপমাইন্ড ও ওপেনএআই। স্মিথের মতে, এআই একই সাথে ‘একটি হাতিয়ার ও একটি অস্ত্র’। তাই জরুরিভিত্তিতে এর ওপর নিয়ন্ত্রণ আরোপ করা দরকার।

বিবিসিকে তিনি বলেন, এআই নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেটির কার্যক্রম থামানো বা গতি কমানোর জন্য প্রতিষ্ঠানগুলোর ‘জরুরি ব্রেক’ বা ‘কিল সুইচ’ থাকা প্রয়োজন।

মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলাও শনিবার এআই মডেলে এমন জরুরি ব্রেক রাখার আহ্বান জানান। চ্যাটজিপিটির মালিক প্রতিষ্ঠান ওপেনএআইয়ের অন্যতম বিনিয়োগকারী মাইক্রোসফটের প্রধান নাদেলা লেখেন, ‘সুপার ইন্টেলিজেন্সকে একটির ভেতর আরেকটি রহস্যময় বাক্স হিসেবে বিবেচনা করে তার সুপারিশ, উত্তর ও পদক্ষেপ শুধু গ্রহণ বা প্রত্যাখ্যান করেই আমরা দায় সারতে পারি না। আমাদের এমন নিয়ন্ত্রিত ব্যবস্থা গড়ে তুলতে হবে, যার আচরণ পর্যবেক্ষণ করা যাবে, সীমা পরীক্ষা করা যাবে এবং যার পদক্ষেপ সব সময় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।’

এদিকে, যুক্তরাজ্যের এআইবিষয়ক মন্ত্রী কানিশকা নারায়ণ সোমবার এক ভাষণে উন্নত এআই মডেল তৈরি করা প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা নিশ্চিত করতে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানাতে পারেন। ঝুঁকি মোকাবিলা ও সুরক্ষাব্যবস্থা জোরদারে প্রতিষ্ঠানগুলোর আরো কাজ করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করবেন বলে ধারণা করা হচ্ছে। এআইয়ের ওপর নজরদারি বাড়াতে আইন প্রণয়নের প্রস্তুতিও নিচ্ছে যুক্তরাজ্য সরকার।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শত্রুভাবাপন্ন রাষ্ট্রগুলো এআইয়ের শক্তিশালী, এখনো প্রকাশ না করা মডেল চুরি করতে পারে। যুক্তরাজ্যের এআই নিরাপত্তা ইনস্টিটিউটের সাবেক প্রধান বিজ্ঞানী জিওফ্রে আরভিং বলেন, ‘প্রতিকূল কোনো দেশ যাতে মডেলগুলো চুরি করতে না পারে, সে ধরনের নিরাপত্তাব্যবস্থা এআই প্রতিষ্ঠানগুলোর নেই।’

এদিকে, এআইয়ের নিয়ন্ত্রণহীন আচরণের ঘটনাও সামনে আসছে। গত সপ্তাহে অ্যানথ্রপিক জানায়, তাদের ক্লড মডেলের একটি সংস্করণ পরীক্ষা করার সময় এআইটি পুলিশকে যোগাযোগ করে এবং মিথ্যা দাবি করে যে, একটি হত্যাকাণ্ডের রহস্য সমাধানে তারা সহায়তা করতে পারবে।