সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
সড়ক দুর্ঘটনায় শিশু নিহত প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা সদরে পিকআপের ধাক্কায় ফাহিম নামে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় শিশুটির পরিবারের আরো তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। 
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নয় মাইল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ফাহিম চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাসনহাটি গ্রামের মামুন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ফাহিম তার পরিবারের সদস্যদের সাথে একটি ব্যাটারিচালিত ভ্যানযোগে সদর উপজেলার ভুলটিয়া গ্রাম থেকে নিজ বাড়ি হাসনহাটিতে ফিরছিল। পথিমধ্যে তারা নয় মাইল বাজারে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা চার আরোহীই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ফাহিমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অপর তিনজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। নিহত শিশুটির লাশ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবে হাসপাতালে পুলিশের একটি টিম অবস্থান করছে।