
খুলনার নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আজমুল হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে ‘সাধারণ শিক্ষার্থী ও আমজনতা’র ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
কর্মসূচি থেকে জানানো হয়, চুয়াডাঙ্গার দর্শনা থানার বড়শলুয়া গ্রামের মো: কুতুব আলীর ছেলে আজমুল হোসেনকে গত ১৮ সেপ্টেম্বর খুলনায় নির্মমভাবে হত্যা করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা দ্রুত সময়ের মধ্যে অপরাধিদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের মো: আহসান হাবিব, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: মমিন মালিতা, চুয়াডাঙ্গা সদর থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, দর্শনা থানা কৃষকদলের সদস্য সচিব আবু তিলুয়ার রহমান মুন্না, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো: জুয়েল রানা এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো: রাকিবুল হাসান।
কর্মসূচিতে নিহত আজমুল হোসেনের শোকসন্তপ্ত বাবা-মা, স্বজনরা ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশ থেকে আজমুল হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়।








