শিরিন বেগম, নারীর খণ্ডিত লাশ, স্বামী আটক, ঢাকা মহানগর পুলিশ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
লাশ উদ্ধার। সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগে শিরিন বেগম (৩৫) নামে এক নারীর চার টুকরো খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী দুলালকে (৫০) আটক করা হয়েছে।

Advertisement

রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিরিন বেগম পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিখাখালি গ্রামের মরহুম সোহরাব আলীর মেয়ে।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো: এ কে এম মইনুদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ রাতে মীর হাজিরবাগের একটি বাসা থেকে ওই নারীর খণ্ডিত লাশ উদ্ধার করে। তার শরীর চার টুকরো করা ছিল। ঘটনাস্থল থেকে তার স্বামীকে আটক করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এর জেরে রাতের কোনো এক সময় দুলাল তার স্ত্রী শিরিনকে হত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে তার ঘাড় থেকে মাথা এবং উরু থেকে দুই পা বিচ্ছিন্ন করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, শিরিন বেগমের এক ছেলে চট্টগ্রামে এবং এক মেয়ে গাজীপুরে থাকেন। তাদের খবর দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।