সড়ক দুর্ঘটনা
আনোয়ারায় ডাম্প ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ আহত ৪ নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারায় ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ১০ বছরের শিশুসহ চারজন আহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চাতরী ইউনিয়নের কালা বিবির দিঘির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশখালী থেকে আনোয়ারার দিকে আসছিল যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা। পথে কালা বিবির দিঘির মোড় এলাকায় একটি ডাম্প ট্রাক ঘোরানোর সময় অটোরিকশাটির সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। আহত হন অটোরিকশায় থাকা চারজন।

আহতরা হলেন ইকন ধর (১৯), টুনটু জলদাস (৩০), কান্তিক ধর (৩৫) ও বিদান ধর (১০)। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’