জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ, মেহেরপুর সরকারি কলেজ, গ্রেফতার, পুলিশ, দুর্বৃত্ত, পেট্রোল বোমা, প্রেস বিজ্ঞপ্তি, ডিবি পুলিশ
জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা। নয়া দিগন্ত

মেহেরপুর সরকারি কলেজ মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

Advertisement

বুধবার (১১ নভেম্বর) রাত ১২টা ১৭ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি প্রদীপ কুমার সানা। ওইদিন রাত ৮টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন মেহেরপুরের গোরস্থানপাড়ার মো: মিরাজুল ইসলামের ছেলে মো: ইব্রাহিম ইসলাম ওরফে আকাশ (২৪) ও শিশুবাগানপাড়ার মো: বাবু বিশ্বাসের ছেলে আলী কদর ওরফে শাওন (১৯)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্বৃত্তরা মেহেরপুর সরকারি কলেজের সীমানাপ্রাচীরের ভেতর থেকে পেট্রোলভর্তি বোতলে কাপড় পেঁচিয়ে আগুন ধরিয়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ লক্ষ্য করে নিক্ষেপ করেন। তবে বোতলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে স্মৃতিস্তম্ভের পাশে পড়ে।

এ সময় ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত দুইজনকে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, এ ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।