
শ্রীলঙ্কার রক্ষণভাগের ছয় খেলোয়াড়কে একের পর এক কাটিয়ে ফারহান আলী ওয়াহিদের করা গোলটি ছিল বাংলাদেশের ৪-০ ব্যবধানের জয়ের অন্যতম সেরা মুহূর্ত। তরুণ এই ফুটবলারের ব্যক্তিগত নৈপুণ্যে মুগ্ধ হয়েছেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। তার চোখে, এমন গোল করা মোটেও সহজ নয়।
বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের ৫৩তম মিনিটে বক্সের সামনে বল পেয়ে প্রতিপক্ষের রক্ষণে একাই ত্রাস ছড়ান ফারহান। একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষকের সামনে জায়গা তৈরি করেন তিনি। এরপর নিখুঁত শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফারহানের গোল নিয়ে প্রশ্ন করা হলে মুগ্ধতা লুকাননি ডুলি। তিনি বলেন, ‘যেভাবে সে তিন-চারজনকে ড্রিবল করে কাটিয়ে গেল, তা সত্যিই অসাধারণ, অবিশ্বাস্য! এরপর শট নেয়াটাও খুব কঠিন ছিল। কিন্তু সে দারুণভাবে কাজটি করেছে।’
গোলটি তার কোচিং ক্যারিয়ারের অন্যতম সেরা কি না, এমন প্রশ্নেও ইতিবাচক উত্তর দিয়েছেন বাংলাদেশের কোচ। ফারহানের ব্যক্তিগত নৈপুণ্যের প্রশংসা করে তিনি বলেন, ‘সব মিলিয়ে মুহূর্তটি ছিল চমৎকার।’
শুধু ফারহান নন, পুরো দলের পারফরম্যান্সেই সন্তুষ্ট ডুলি। হামজা চৌধুরীর একটি ব্যাকহিল পাসের কথাও আলাদাভাবে উল্লেখ করেছেন তিনি। সেই পাস থেকে গোল হলে সেটিও হতে পারত দৃষ্টিনন্দন এক মুহূর্ত। রাকিব হোসেনের গোলেও মুগ্ধ কোচ।
দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে ডুলি বলেন, ‘ভাবুন তো, হামজার ব্যাকহিল পাসটি যদি কাজে লাগত, তাহলে কী ধরনের গোল হতো! রাকিবও দারুণ একটি গোল করেছে। প্রথম থেকে শেষ মিনিট পর্যন্ত খেলোয়াড়েরা যেভাবে খেলেছে, তাতে আমরা খুশি ও গর্বিত হতে পারি।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








