জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম মহানগর জামায়াত বিক্ষোভ মিছিল আয়োজন করে
মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়া দিগন্ত

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালদিঘী মোড়ে গিয়ে শেষ হয়। 

সমাবেশ ও মিছিলে মহানগর জামায়াতের নেতা-কর্মী ও সমর্থকদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, ‘জনগণের ওপর রাতের আঁধারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সব মিলিয়ে সাধারণ মানুষ আজ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। সরকার জনগণের কষ্ট ও দুর্দশা বোঝার মতো অবস্থায় নেই। মানুষের আয়-রোজগার বাড়ছে না, অথচ প্রতিনিয়ত জীবনযাত্রার ব্যয় বেড়েই চলেছে। অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণকে স্বস্তি দিতে হবে।’

অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, সরকার জনগণের সাথে প্রতারণা করে চলেছে। দেশে খুন, ধর্ষণ ও অপহরণের মতো অপরাধ বেড়েই চলেছে, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও সন্ত্রাস ও অস্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বর্তমান সরকার পতিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।’ 

তিনি বলেন, ‘বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান সরকারকে সহযোগিতার করার প্রস্তাব দিয়েছেন, কিন্তু সরকার তাতে সাড়া দিচ্ছে না। দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতার কারণে জনগণ দিন দিন দুর্বিষহ অবস্থার দিকে যাচ্ছে। জনগণের দাবি ও দুর্ভোগ অনুধাবন করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায়, সরকারকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।’

নগর জামায়াতের অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহীর পরিচালনায় সমাবেশে মহানগর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ফয়সাল মুহাম্মদ ইউনুছ, নগর সাংগঠনিক সম্পাদক ডা: ছিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি খুররম মুরাদ, নগর কর্মপরিষদ সদস্য ও ডবলমুরিং থানা আমির ফারুকে আযম, পাঁচলাইশ থানা আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সহ-সভাপতি মকবুল আহমদ বক্তব্য রাখেন।

বক্তারা অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সঙ্কট নিরসন এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। 

বক্তারা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেন, ‘জনগণের দুর্ভোগ নিয়ে সরকারকে আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না। জনগণের ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।’