ঘাতক খান পরিবহনের বাসটি
ঘাতক খান পরিবহনের বাসটি নয়া দিগন্ত

মাদারীপুরের রাজৈরে ডাক্তার দেখাতে যাওয়ার পথে বাস ও থ্রি হুইলার মাহিন্দ্রার সংঘর্ষে রাফিয়া আক্তার নামে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনা আহত হয়েছেন নিহত কিশোরীর মা-বোনসহ আরো চারজন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রাম নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফিয়া সদর উপজেলার ত্রিভাগদি গ্রামের মনির হাওলাদারের মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকালে ডাক্তার দেখানোর জন্য মাদারীপুর থেকে মাহিন্দ্রাযোগে মা-বোনের সাথে টেকেরহাট বন্দরে যাচ্ছিল রাফিয়া। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রাম এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা বরিশালগামী খান পরিবহনের একটি বাসের সাথে মাহিন্দ্রার সংঘর্ষ হয়।

এ সময় গুরুতর আহত অবস্থায় রাফিয়াকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত রাফিয়ার মা সানজিদা বেগম ও ছোট বোন তাবাসসুম আক্তারসহ আরো চারজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মো: আনোয়ার বলেন, ঘাতক খান পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।