জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হচ্ছে
জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হচ্ছে নয়া দিগন্ত

আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লি) আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ।

মনোনয়নপত্র প্রদান করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো: কামরুল ইসলাম। এ সময় তিনি মনোনয়ন সংগ্রহকারীকে নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত নতুন কিছু নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি তিনি আসন্ন সংসদ উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জামায়াতের সহযোগিতা কামনা করেন।

মনোনয়ন সংগ্রহকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মাওলানা সোলায়মান হোসেন, জামায়াত নেতা সাইফুল ইসলাম প্রমুখ।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে জয়ী হন বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ওই আসন শূন্য ঘোষণা করা হয়। এখন ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ দেয়া হবে ৮ অক্টোবর।