ডেঙ্গু
ডেঙ্গু মশা সংগৃহীত

সিলেটে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরো নয়জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৪ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩০ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নয়জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এর আগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিলেন ১৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৩৩৪ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তদের মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ১৩৯ জন, সুনামগঞ্জে ৭৬, সিলেটে ৭১ এবং মৌলভীবাজারে ৩৬ জন রয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেয়া ১২ জন রয়েছেন।

বর্তমানে চিকিৎসাধিন ৩০ ডেঙ্গুরোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে নয়, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল হাসপাতালে তিন, হবিগঞ্জ সদর হাসপাতালে সাত, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, সুনামগঞ্জ সদর হাসপাতালে চার, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ও মৌলভীবাজার সদর হাসপাতালে দুইজন রয়েছেন।

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৬০ বছর বয়সী ছলিমা বেগম ডেঙ্গুতে মারা যান। এর আগে ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃষ্ণ দাস (৪৫) এবং ২ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আফিয়া খানম (৫৪) মারা যান।