
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ২ নম্বর বড়তলী বানিহাড়ি ইউনিয়নের বড়তলী গ্রামে আজ সকালে একটি পাগলা কুকুরের কামড়ে ছয়জন নারী, তিনজন পুরুষ ও একটি শিশুসহ মোট ১০ জন আহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে গ্রামের ভেতরে হঠাৎ একটি পাগলা কুকুর লোকজনের ওপর হামলা চালায়। মুহূর্তের মধ্যে কুকুরটি গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে পড়ে এবং যাকে সামনে পায় তাকেই কামড়ে দেয়। এতে ছয়জন নারী, তিনজন পুরুষ এবং একটি শিশু গুরুতর আহত হয়। আহতদের চিৎকারে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে কুকুরটিকে তাড়া করলে সেটি পালিয়ে যায়।
আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। বিশেষ করে শিশুটির অবস্থা আশঙ্কাজনক। আহত সবার জলাতঙ্ক প্রতিষেধক টিকা (অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন) দেয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে পাগলা কুকুরের কামড়ের ঘটনায় গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
অভিভাবকেরা জানান, কুকুরটি এখনো ধরা পড়েনি, তাই যেকোনো সময় আবার হামলা চালাতে পারে। তারা প্রশাসনের কাছে দ্রুত কুকুরটি ধরা ও নিধনের দাবি জানিয়েছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ তালুকদার জানান, বিষয়টি তিনি জেনেছেন। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানানো হয়েছে। পাগলা কুকুরটি ধরতে স্থানীয়দের সহায়তায় অভিযান চালানো হচ্ছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুল ইসলাম হারুন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এবং কুকুরটি ধরতে ব্যবস্থা নেয়া হচ্ছে।
উল্লেখ্য, দেশে কুকুরের কামড়ে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে পাগলা কুকুরের কামড়ে র্যাবিস (জলাতঙ্ক) আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনা রোধে দ্রুত সচেতনতা ও প্রশাসনিক পদক্ষেপের প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








