Locals gathered in Hathazari to offer condolences to those affected by the fire.
আগুনে বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানাতে স্থানীয়রা ভিড় জমায় ছবি: নয়া দিগন্ত

 চট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া আরো একটি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের পশ্চিমে সোমপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে মিলন দে, তপু দে, প্রভা রানী নাথ, তপন নাথ ও খোকন নাথের পাঁচ পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়।

স্থানীয়রা জানান, দুপুরে একটি বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পাঁচ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং আরো একটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মন্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক মিটারের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।