School teacher Shafiqul Azim Sumon killed in a road accident in Noakhali.
নিহত শিক্ষক শফিকুল আজিম সুমন ছবি: নয়া দিগন্ত

নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় শফিকুল আজিম সুমন (৪৬) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। তিনি উপজেলার উত্তর কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জয়নাল আবেদীন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন হাজী সফি মঞ্জিলের সামনে চৌমুহনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক শফিকুল আজিম সুমন উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের ওয়ালী বেপারী বাড়িরে মাস্টার আবুল খায়েরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে শিক্ষক শফিকুল আজিম সুমন চৌমুনহী পৌরসভার চৌরাস্তা এলাকা থেকে মোটরসাইকেলযোগে জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রা পথে তিনি জয়নাল আবেদীন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন হাজী সফি মঞ্জিলের সামনে চৌমুহনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কে পৌঁছলে একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামসুজ্জামান বলেন, বিষয়টি আমি শুনেছি। এখন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে বিস্তারিত জানা যাবে।