
আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩তম ব্যাচের নবীন ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে ইন্টার্ন ইনডাকশন সেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন চিকিৎসকদের শপথ গ্রহণের পাশাপাশি হাসপাতালের নিয়ম-কানুন, পেশাগত দায়িত্ব, নৈতিকতা এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে ডা. শাহনাজ আখতার , নবীন ইন্টার্ন চিকিৎসকদের পরিচয় করিয়ে দেন এবং শপথ পাঠ পরিচালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডা. শেখ মহিউদ্দিন বলেন, মানুষের সেবা করার সুযোগ একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহর সৃষ্টির সেবা করার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে। তাই চিকিৎসকদের সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করতে হবে।
বিশেষ অতিথি প্রফেসর ডা. মো. আফিকুর রহমানও অনুষ্ঠানে বক্তব্য দেন। এ সময় আদ্-দ্বীন ফাউন্ডেশনের হাসপাতাল ও নার্সিং প্রতিষ্ঠানসমূহের মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন ইন্টার্ন চিকিৎসকদের হাসপাতালের নিয়মা, পেশাগত আচরণ ও দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেন। বিভিন্ন বিভাগের প্রধানরাও বক্তব্য দেন এবং চিকিৎসাসেবায় পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, রোগীদের প্রতি সহমর্মিতা ও সেবার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে আদ্-দ্বীন মেডিক্যাল কলেজের সিনিয়র উপদেষ্টা ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. মো. হারুন আল রশীদ বলেন, আদ্-দ্বীন মেডিক্যাল কলেজের সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার ক্ষেত্রে নবীন চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি তাদের সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান জানান।
প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর জামালুন্নেসা নবীন চিকিৎসকদের উদ্দেশে বলেন, তাদের সামনে মানুষের সেবা করার ব্যাপক সুযোগ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নবীন চিকিৎসকেরা তাদের দক্ষতা, কর্মনিষ্ঠা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে বাংলাদেশ এবং আদ্-দ্বীনের সুনাম আরো সমুন্নত রাখবেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. আবদুস সবুর চিকিৎসাসেবার মান নিশ্চিতকরণ (কোয়ালিটি অ্যাসুরেন্স) বিষয়ে আলোচনা করেন। তিনি রোগীদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুসরণ এবং চিকিৎসাসেবার গুণগত মান বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
ইন্টার্ন ইনডাকশন সেশনে নবীন চিকিৎসকদের দায়িত্বশীল, দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি রোগীদের প্রতি সহমর্মিতা, পেশাগত নৈতিকতা ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার মাধ্যমে চিকিৎসা পেশার মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








