
নিজস্ব প্রতিবেদক
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী ও সিনিয়র রিপোর্টার রাজীব ঘোষকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল দুপুরে মহাখালীতে অবস্থিত ডিবিসি চ্যানেলের কার্যালয় থেকে তাদের ডিবি কার্যালয় নিয়ে যাওয়া হয়।
পুলিশ বলছে, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এ বিষয়ে তথ্য পেয়ে ডিবি পুলিশ ওই টেলিভিশন চ্যানেলের কার্যালয়ে গিয়ে তাকে হেফাজতে নেয়। বর্তমানে ডিবি কার্যালয়ে তাদের সাথে কথা বলা হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো: আকতার হোসেন সাংবাদিকদের বলেন, একটি নিউজ প্রচারকে কেন্দ্র করে সেখানে অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ওই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ বিষয়টি জানতে পারে এবং ঘটনাস্থলে যায়। পরে ইকবাল সোবহান চৌধুরী ও রাজিব ঘোষকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। বর্তমানে তাদের নিরাপদ হেফাজতে নিয়ে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের আটক বা গ্রেফতার করা হয়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল ইকবাল সোবহান চৌধুরীকে। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে কী কারণে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটাই আড়ালে ছিলেন তিনি।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে দেশের সাংবাদিক সংগঠনগুলোর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইকবাল সোবহান চৌধুরী। এ ছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








