বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়। নয়া দিগন্ত

ডোমার উপজেলার ১ নম্বর ভোগডাবুড়ী ইউনিয়নের দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে মাত্র দু’জন করে শিক্ষক দিয়ে চলছে শিশুদের পাঠদান। এতে করে ব্যাহত হচ্ছে কোমলমতি শিশুদের শিক্ষা কার্যক্রম। শিক্ষক সঙ্কটের কারণে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা, পাশাপাশি এইসব বিদ্যালয় থেকে কমছে দৈনন্দিন শিক্ষার্থীর সংখ্যা। 

Advertisement

স্কুলে গিয়ে দেখা যায়, ভোগডাবুড়ী আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভোগডাবুড়ী পুষণাপাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই দু’টি বিদ্যালয়ে ২০২৩ সাল থেকে মাত্র দু’জন শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষক সঙ্কটের কারণে বিদ্যালয় দুইটিতে স্বাভাবিক পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি দুশ্চিন্তায় পড়েছেন বলে জানিয়েছেন এলাকার অভিভাবকরা। তারা বলেন, সামনে বার্ষিক পরীক্ষা চলে এসেছে আমাদের সন্তানরা যে কিভাবে ফাইনাল পরিক্ষায় উত্তীর্ণ হবে সেট নিয়ে আমরা চিন্তিত।

এ বিষয়ে ভোগডাবুড়ী আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কারিমুল ইসলাম বলেন, ‘২০২৩ সাল থেকে বিদ্যালয়ে মাত্র দু’জন শিক্ষক দিয়ে শিশুদের পাঠদান চলছে। এর পাশাপাশি একজন শিক্ষককে ডেপুটেশনে দেয়া হয়েছে। বিষয়টি আমি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাসহ ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করলেও নতুন শিক্ষক নিয়োগ হওয়ার পরও আমার বিদ্যালয়ে কোনো শিক্ষক পদায়ন করা হয়নি। এতে করে কোমলমতি শিশুদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।’

ভোগডাবুড়ী পুষণাপাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন বলেন, ‘আমার বিদ্যালয়েও দু’জন শিক্ষক। একজন ডেপুটেশনে থাকা শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিদ্যালয়টিতে পাঁচজন শিক্ষক ও একজন প্রধান শিক্ষক থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র দু’জন নিয়মিত শিক্ষক রয়েছেন। এতে করে শিশুদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এবং  ডেপুটেশনে থাকা শিক্ষক আগামী ডিসেম্বরের মধ্যেই চলে যাবেন।’

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বিদ্যালয় দু’টিতে শিক্ষক সঙ্কটের বিষয়টি তাকে অবহিত করা হয়েছে। তিনি শিক্ষকের চাহিদা পাঠানোর পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছেন। এ দু’টি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের খুবই প্রয়োজন ছিল, তবে কোনো শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। তিনি জানান, চিলাহাটি  ক্লাস্টারে মোট ৪০ জন শিক্ষকের ঘাটতি রয়েছে ।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, তাকে বিষয়টি অবহিত করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করার কথা বলেন তিনি।

এ বিষয়ে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, বিদ্যালয় দু’টির শিক্ষক সঙ্কটের বিষয়ে তিনি আগে পুরোপুরি অবগত ছিলেন না। বিষয়টি তার জানা থাকলেও বর্তমানে মনে নেই। তবে প্রতিবেদকের মাধ্যমে তিনি নতুন করে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। 

তিনি বলেন, ‘শিক্ষক সঙ্কটের কারণে এসব বিদ্যালয়ে শিক্ষক পদায়ন করা সম্ভব হচ্ছে না। এবার ডোমার উপজেলায় মাত্র ১৮ জন শিক্ষক নিয়োগ পেয়েছেন। বিভিন্ন বিদ্যালয়ে এক-দু’জন করে শিক্ষক দেয়ার পর এসব বিদ্যালয়ে শিক্ষক পদায়ন করা সম্ভব হয়নি। তবে অন্য কোনো বিদ্যালয় থেকে শিক্ষক ডেপুটেশনে দেয়ার সুযোগ থাকলে প্রস্তাব পাঠানোর জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।’ 
যেসব বিদ্যালয়ে শিক্ষক না থাকলেই নয়, সেসব বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য ডেপুটেশনে শিক্ষক দেয়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।