
কলকাতার টপসিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নির্মাণাধীন সদর দফতর সিলগালা করে দিয়েছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে কলকাতা পৌর করপোরেশনের (কেএমসি) নিরাপত্তা-সংক্রান্ত অভিযোগের পর ভবনটিতে যেকোনো ধরনের রাজনৈতিক সভা ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
প্রশাসনের এ পদক্ষেপকে ‘ষড়যন্ত্র’ ও রাজনৈতিক দমন-পীড়ন বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসারী তৃণমূল নেতারা। তাদের দাবি, দলীয় কার্যালয় কার্যত নিয়ন্ত্রণে নিয়ে সাংগঠনিক কার্যক্রম বন্ধের চেষ্টা চলছে।
পুলিশ ও পৌর করপোরেশন সূত্রে জানা গেছে, ভবনটির নির্মাণকাজ এখনো অসম্পূর্ণ এবং এর প্রয়োজনীয় সমাপ্তি সনদ (কমপ্লিশন সার্টিফিকেট) নেই। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নির্মাণাধীন ভবনে রাজনৈতিক সভা করার প্রচার চলছিল। এমন ঝুঁকিপূর্ণ ভবনে জনসমাগম হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে—পৌর কর্তৃপক্ষের এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতেই পুলিশ প্রবেশপথে ব্যারিকেড বসিয়েছে। তবে কেবল নির্মাণকর্মীদের ভেতরে গিয়ে কাজ করার অনুমতি দেয়া হয়েছে।
নিরাপত্তার এ উদ্বেগকে সমর্থন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি তৃণমূল দলের পরিচয় নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি মন্তব্য করেন, নির্মাণাধীন ভবনে সভা চলার সময় ছাদ ধসে প্রাণহানি ঘটলে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকেই এর দায় নিতে হতো।
অন্যদিকে, সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির এ ঘটনাকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ এবং দলীয় সম্পত্তি দখলের চেষ্টা হিসেবে আখ্যা দিয়েছে। দলের বিধায়ক কুণাল ঘোষ ও সংসদ সদস্য দোলা সেন পুলিশের এ পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন। দলীয় কর্মীরা কেবল নির্মাণকাজ তদারক করতে সেখানে যাচ্ছিলেন দাবি করে এ বিধিনিষেধের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা ভাবছে দলটি।
এ ঘটনায় কলকাতায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা নিয়ে নতুন সঙ্কটে পড়েছে মমতা শিবির। এর আগে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর গত জুলাই মাসে ক্যানাল সাউথ রোডে তৃণমূলের ভাড়া নেয়া বিকল্প সদর দফতরটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যায়। ফলে টপসিয়ার মূল কার্যালয়টিও সিলগালা হয়ে যাওয়ায় কলকাতায় আপাতত দলীয় কার্যক্রম চালানোর মতো কোনো দফতরই রইল না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের হাতে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









