ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাবি থেকে ৭ কলেজের শিক্ষার্থীদের তথ্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে হস্তান্তর অনুষ্ঠান। সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত আনুষ্ঠানিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।

Advertisement

বুধবার ঢাবি ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ভিসির সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক মো: লুৎফর রহমানের কাছে এসব তথ্য-উপাত্ত হস্তান্তর করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সালমা বেগম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বোরহান উদ্দিন ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের মাধ্যমে নতুন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরো গতিশীল হবে। 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।   

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক মো: লুৎফর রহমান সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত দ্রুততম সময়ের মধ্যে হস্তান্তর করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের সার্বিক কল্যাণ সাধন এবং শিক্ষা কার্যক্রম আরো গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।  

এসব উদ্যোগ বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। সূত্র : বাসস