
জীবপ্রযুক্তি খাতে গবেষণা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময় এবং যুগোপযোগী শিক্ষাক্রম প্রবর্তনে যৌথভাবে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ও জাতীয় জীবপ্রযুক্তি ইনস্টিটিউটের (এনআইবি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি জীবপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন ও বাউবির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। অনুষ্ঠানে এনআইবির মহাপরিচালক ড. মো: ছগীর আহমেদ এবং বাউবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি এম আহমেদ হুসেইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন বলেন, ‘দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে জীবপ্রযুক্তি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা কার্যক্রম আরো জোরদার করার সুযোগ সৃষ্টি হবে। এ সহযোগিতার আওতায় নতুন মেডিক্যাল ও সার উৎপাদন-সংশ্লিষ্ট উদ্যোগ, যুগোপযোগী শিক্ষাক্রম প্রবর্তন এবং যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনার সম্ভাবনা রয়েছে।’
বাউবির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘বাউবি দেশের সর্বস্তরের মানুষের কাছে শিক্ষা পৌঁছে দেয়া এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির সাতটি স্কুল, ১২টি আঞ্চলিক কেন্দ্র ও ৬৩টি উপ-আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে প্রায় ৫৫টি আনুষ্ঠানিক শিক্ষাক্রম পরিচালিত হচ্ছে।’
তিনি বলেন, ‘এ সমঝোতা স্মারকের ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে যৌথভাবে কাজ করা সম্ভব হবে।’
ভিসি আরো বলেন, ‘বাউবির উন্মুক্ত ও জীবনব্যাপী শিক্ষার অভিজ্ঞতার সাথে এনআইবির জীবপ্রযুক্তিবিষয়ক গবেষণা ও দক্ষতা উন্নয়নের সক্ষমতার সমন্বয় শিক্ষা ও গবেষণার গুণগত মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।’
এ সমঝোতা দুই প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যতে যৌথ শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের পথ সুগম করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বাউবির স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মো: আবদুল মজিদ মণ্ডল, ভিসির একান্ত সচিব ও যুগ্ম পরিচালক মো: আশরাফুল ইসলাম, প্রশাসন বিভাগের প্রশিক্ষণ ও গবেষণা শাখার যুগ্ম পরিচালক ড. মো: শওকত আলী, উপপরিচালক আশ্রাফুল আলম ভূঁঞা এবং এনআইবির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: আব্দুল আলীম, ড. মো: মাহমুদ হাসান ও ড. সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








