
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য একটি কম্পিউটার ও প্রয়োজনীয় সরঞ্জাম উপহার দেয়া হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জাকসু ভবনে ইনক্লুসিভ জাহাঙ্গীরনগরের নেতৃবৃন্দের কাছে কম্পিউটারটি হস্তান্তর করা হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও পড়াশোনায় সহযোগিতার জন্য এটি ব্যবহার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ইনক্লুসিভ জাহাঙ্গীরনগরের সভাপতি সুমাইয়া আক্তার (হিয়া) বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তাদের প্রয়োজন ও সমস্যাগুলোকে আলাদা কোনো বিষয় হিসেবে না দেখে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষাব্যবস্থার অংশ হিসেবে বিবেচনা করা উচিত। জাকসুর আজকের এই উপহার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজে আসবে।’
জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য জাকসু শুরু থেকেই কাজ করার চেষ্টা করেছে। তাদের পড়াশোনা ও জীবনযাত্রা সহজ করতে বিভিন্ন সুযোগ-সুবিধা ও অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেয়া হয়েছে। সব সমস্যার সমাধান একসাথে করা সম্ভব না হলেও সীমাবদ্ধতাগুলো অতিক্রম করে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছি।’
তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের সেবার মান উন্নয়নেও আমরা শুরু থেকেই কাজ করেছি। এরই ধারাবাহিকতায় মেডিক্যাল সেন্টারে নতুন সুবিধা যুক্ত হয়েছে, জরুরি বিভাগে ছয়টি বেড স্থাপন ও বিভিন্ন কক্ষে এসির ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ওষুধসহ বিভিন্ন অনিয়মের বিষয়ও আমরা সামনে আনার চেষ্টা করেছি।’
কম্পিউটার হস্তান্তরের বিষয়ে ফেরদৌস আল হাসান বলেন, ‘জাকসুর মেয়াদের শেষ সময়ে এটি আমাদের ছোট্ট একটি উদ্যোগ। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ব্যবহারের জন্য একটি কম্পিউটার সেটআপ করে দেয়া হয়েছে। বিশেষ করে দৃষ্টিসংক্রান্ত সমস্যার কথা বিবেচনায় রেখে ভালো মানের মনিটর দেয়ার চেষ্টা করেছি। জাকসুর মেয়াদ শেষ হলেও একজন শিক্ষার্থী হিসেবে তাদের পাশে থাকার চেষ্টা করব।’







