
সিদ্ধান্ত বাস্তবায়নের কাজে আস্থাভাজন ব্যক্তিদের সচিব হিসেবে পদোন্নতি দেয় সরকার। স্বৈরাচারী শেখ হাসিনার এমন আস্থাভাজন হিসেবে সচিব পদোন্নতি পাওয়া পাঁচজন সচিব এখনো সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন।
এ ছাড়া ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর গত আট মাসে ৩৭ কর্মকর্তাকে সচিব পদোন্নতি দিয়েছে ক্ষমতাসীন সরকার। এ ৩৭ কর্মকর্তার মধ্যে মাত্র ১০ কর্মকর্তা রয়েছেন, যারা গত আওয়ামী শাসনামলে পদোন্নতি বঞ্চিত হয়েছিলেন। বাকি ২৬ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন, যারা গত ১৭ বছর নিয়মিত পদোন্নতি পেয়েছেন। এদের মধ্যে অনেকেই রয়েছেন, যারা প্রকাশ্যে শেখ হাসিনার স্বৈরাচারী কর্মকাণ্ডকে সমর্থন দিয়েছেন এবং নানাভাবে সহযোগিতা করেছেন। আওয়ামী শাসনামলে বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি না দিয়ে সুবিধাভোগী কর্মকর্তাদের এমন পদোন্নতির ঘটনায় ক্ষুব্ধ হচ্ছেন বঞ্চিত পদোন্নতি প্রত্যাশী কর্মকর্তারা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য এবং বঞ্চিত কর্মকর্তাদের সাথে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সরকারের সচিব পদমর্যাদায় ৯৪ জন কর্মকর্তা বর্তমানে কর্মরত রয়েছেন। সেসব কর্মকর্তার মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময় নিয়মিত কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়েছেন ৩৭ কর্মকর্তা। চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ পেয়েছে ১৬ কর্মকর্তা। শেখ হাসিনার হাতে পদোন্নতি পাওয়া পাঁচজন এখনো কর্মরত রয়েছেন। অবশিষ্ট ৩৬ কর্মকর্তা রয়েছেন, যারা অন্তর্বর্তী সরকারের সময় পদোন্নতি পেলেও তাদের বেশিরভাগই আওয়ামী সুবিধাভোগী।
শেখ হাসিনার হাতে পদোন্নতি পাওয়া ৫ সচিব : প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো: আশরাফ উদ্দীন, অর্থ বিভাগের সচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মিজ নাজমা মোবারেক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো: শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিপিএটিসির রেক্টর সাঈদ মাহবুব খান। এর মধ্যে অর্থ বিভাগের মতো গুরুত্বপূর্ণ সচিব পদে আবারো মো: খায়েরুজ্জামান মজুমদারকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার; যাকে হাসিনা সরকার ২০২৩ সালের আগস্টে অর্থসচিব হিসেবে নিয়োগ দিয়েছিল।
জনপ্রশাসন সূত্র জানায়, এ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগের ফাইলে স্বাক্ষরের সময় একাধিক কর্মকর্তা প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু একজন মন্ত্রীর জোর তদবিরের কারণে তার চুক্তি আটকানো সম্ভব হয়নি।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক সাবেক গভর্নর আবদুর রউফ তালুকদারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। এ কর্মকর্তা আওয়ামী লীগ আমলে ২০২৩ সালের জুনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদোন্নতি পান। তারও আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৪ সালের ৩০ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে বদলি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়। পলাতক ব্যবসায়ী এস আলম এবং সাবেক গভর্নর আবদুর রউফ তালুকদার নেপথ্য থেকে এ বিষয়ে ভূমিকা রাখেন বলে জানা যায়।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব পদে আছেন মো: শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী। আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার হাতে ২০২৩ সালের ২৩ নভেম্বর সচিব পদে পদোন্নতি পান। এখন পর্যন্ত একই পদে বহাল আছেন। বর্তমান বিএনপি সরকারের আমলে গত ২৪ মার্চ তাকে বিআরডিবির সচিব পদ থেকে সরিয়ে দেয়া হলেও রহস্যজনকভাবে আবার সাথে সাথে সে বদলির আদেশ বাতিল হয়ে যায়।
বিএনপির সরকারের সময় সচিব পদোন্নতি পাওয়া শেখ হাসিনার সুবিধাভোগীদের মধ্যে রয়েছেন, গত ২৬ অক্টোবর শেখ হাসিনার শাসনামলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন এবং নিয়মিত পদোন্নতি পাওয়া আওয়ামী সুবিধাভোগী বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর মো: আবদুর রউফ। আওয়ামী শাসনামলে শেখ হাসিনার কার্যালয়ের পরিচালকও ছিলেন এ কর্মকর্তা।
হাসিনার শাসনামলে মন্ত্রিপরিষদ বিভাগে কাজ করা আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব মিজ আয়েশা আক্তার। গত ১৮ অক্টোবর একজন মন্ত্রীর সুপারিশে তাকে সচিব পদোন্নতি দেয়া হয় বলে জনপ্রশাসন সূত্র জানায়।
শেখ হাসিনার আমলে নিয়মিত পদোন্নতি পাওয়া এবং মন্ত্রিপরিষদে পদায়ন থাকা সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মিজ ইয়াসমিন বেগম। সে সময় এ কর্মকর্তাকে ‘মানসিকভাবে বিপর্যস্ত’ উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বরাবর লিখিত অভিযোগ দেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
গত ১৮ অক্টোবর সচিব পদে পদোন্নতি পান ১৫তম ব্যাচের মো: আবুল হাসনাত হুমায়ুন কবীর। এ কর্মকর্তা আওয়ামী শাসনামলে টুঙ্গিপাড়ায় গিয়ে শেখ মুজিবের মাজারে গিয়ে শেখ হাসিনাকে খুশি রেখে নিয়মিত পদোন্নতি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন ছিলেন। ৫ আগস্টের পর রাতারাতি নিজেদের রাজনৈতিক পরিচয় বদলে নতুন সরকারের প্রভাবশালী মহলে ভিড়ে যান এ কর্মকর্তা। গণ-অভ্যুত্থানপরবর্তী অন্তর্বর্তী সরকারের আমলে আবুল হাসনাত প্রথম পদায়ন পান খাদ্য অধিদফতরের মহাপরিচালক পদে। সেখানে চার হাজার কোটি টাকার মডার্ন ফুড স্টোরেজ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠলে তাকে বিএমইউতে বদলি করা হয়।
২০২০ সালে সিন্ডিকেট গঠন করে মালয়েশিয়ায় লোক প্রেরণ, অতিরিক্ত অর্থ আদায় এবং মানিলন্ডারিংয়ের অভিযোগ ওঠে এই কর্মকর্তার বিরুদ্ধে। সে সময় এ কর্মকর্তা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
গত ৫ অক্টোবর সচিব পদোন্নতি পাওয়া পালিয়ে যাওয়া শায়লা-মনিরুলের মায়াবতী গ্রুপের সক্রিয় সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. ফাহমিদা খানম। সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর সুপারিশে তার পদোন্নতি হয়েছে বলে জনপ্রশাসন সূত্র জানিয়েছে।
একই দিনে পদোন্নতি পেয়েছে শেখ হাসিনার সময় নিয়মিত পদোন্নতি পাওয়া এবং নড়াইলের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করা মো: এমদাদুল হক চৌধুরী। শেখ হাসিনার সময় চীনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করা এবং নিয়মিত পদোন্নতি পাওয়া মাহফুজুর আলম খান।
গত ১৭ জুন সচিব পদোন্নতি পান হাসিনার আস্থাভাজন হিসেবে নিয়মিত পদোন্নতি পাওয়া এনএসআইয়ের ডিজি মো: খায়রুল কবির মেনন। গণ-অভ্যুত্থানের পরে এ কর্মকর্তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে ভূমি সংস্কার বোর্ডের সদস্য হিসেবে পদায়ন করা হয়। এর আগে এ কর্মকর্তা আরেক দফায় ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন।
২৮ জুলাই সচিব পদোন্নতি পান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো: মামুনুর রশিদ ভূঁঞা। তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহ্মেদ পলকের ঘনিষ্ঠ থেকে একটি প্রকল্পের পরিচালক হিসেবে কাজ করেন এই কর্মকর্তা। এ ছাড়া তিনি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সংক্রান্ত কমিটি, মন্ত্রিপরিষদ বিভাগ এবং অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের মতো কৌশলগত ও স্পর্শকাতর জায়গায় দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
৬ আগস্ট জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন পান মো: জিয়াউল হক। আবদুর রউফ সিন্ডিকেটের এই কর্মকর্তা সাবেক অর্থ সচিব ড. তারেক এবং সাবেক অর্থমন্ত্রী ড. মুহিত ও জ্বালানি মন্ত্রী নসরুল হামিদ বিপুলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। সরকারের প্রভাবশালী মন্ত্রীর তদবিরে একই সিন্ডিকেটের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউল আবেদীনকেও শিগগিরই সচিব পদোন্নতি দেয়া হচ্ছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
অন্তর্বর্তী সরকারের সময় পদোন্নতি পাওয়া আওয়ামী সুবিধাভোগীদের মধ্যে রয়েছেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই কর্মকর্তাকে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেন বঞ্চিত কর্মকর্তারা। সে সময় তিনি নিজের ব্যবহৃত ল্যাপটপ নিতে চাইলে সেটিও নিতে দেননি। পরে তার কর্মচারীরা তাকে ল্যাপটপটি পৌঁছে দেন। একই সাথে সচিব পদোন্নতি পেয়েছিলেন তার স্ত্রী ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুননাহার চৌধুরী। শায়লা ফারজানার মায়াবতী গ্রুপের এ সদস্য কৃষি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেছেন।
পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে কর্মরত আছেন আর্থিক খাত ধ্বংস এবং অর্থনীতির ডাটা ম্যানিপুলেশনের প্রধান হোতা সাবেক অর্থসচিব আবদুর রউফ তালুকদারের ঘনিষ্ঠ থেকে দীর্ঘদিন অর্থ বিভাগে কর্মরত বিলকিস জাহান রিমি। এই কর্মকর্তা ২০১২ সালে সিনিয়র সহকারী সচিব থেকে বর্তমান অতিরিক্ত সচিব পর্যন্ত দীর্ঘ ১১ বছর অর্থ মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। মাঝখানে দুই বছর তিনি একটি প্রকল্পে দুই বছর লিয়েনে ছিলেন। একই সিন্ডিকেটের কর্মকর্তা বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব সিরাজুন নূর চৌধুরী। এই কর্মকর্তাকে সচিব পদোন্নতির প্রতিবাদ জানিয়েছিলেন বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।
সংগঠনটির তৎকালীন কার্যকরী সভাপতি ও বর্তমান শিক্ষা সচিব মো: আবদুল খালেক প্রেরিত বিবৃতিতে বলেছিলেন, সিরাজুল নূর চৌধুরী আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী ও ফ্যাসিস্ট সরকারের সহযোগী। ছাত্রজীবনে ছাত্রলীগের নিবেদিত কর্মী ছিলেন। অর্থ মন্ত্রণালয়ে কর্মরত থেকে ফ্যাসিস্টদের বিদেশে অর্থ পাচারের সহযোগী ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









