ইসরাইল, লেবানন, ইরান,
ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবি লেবাননের প্রেসিডেন্টের। সংগৃহীত
ads

দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের দাবি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। একইসাথে তিনি লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে ইরানের হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন।

লেবাননের ৮৩তম স্বাধীনতা বার্ষিকীর প্রাক্কালে শনিবার এক ভাষণে আউন বলেন, লেবানন দুটি পরস্পরসংযুক্ত ভাগ্যনির্ধারক পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়ে আছে : একটি হলো 'আমাদের ভূখণ্ডের অংশবিশেষে ইসরাইলি দখলদারিত্ব' এবং অন্যটি লেবানন রাষ্ট্রের কর্তৃত্বের বাইরে অস্ত্র ও সিদ্ধান্তের মাধ্যমে 'ইরানি শাসকগোষ্ঠীর কিছু প্রভাবশালী পক্ষের' পক্ষ থেকে “বিদেশি হস্তক্ষেপ”।

তিনি আরো যোগ করেন, 'অবিচ্ছেদ্যভাবে যুক্ত এই দুটি মৌলিক প্রতিবন্ধকতার' অর্থ হলো লেবানন তার স্বাধীনতা পূর্ণাঙ্গভাবে উদ্‌যাপন করতে পারছে না।

ইসরাইলের উদ্দেশে আউন দাবি জানান, 'লেবাননের ভূখণ্ডের প্রতি ইঞ্চি থেকে সরে যান। আপনাদের হামলা বন্ধ করুন। এবং আমাদের বন্দিদের ফিরিয়ে দিন।'

ধারণা করা হয়, ইসরাইলি আটক কেন্দ্রগুলোতে কয়েক ডজন লেবানিজ নাগরিক বন্দি রয়েছেন। তাদের মধ্যে বেসামরিক নাগরিকদের পাশাপাশি দক্ষিণ লেবাননে লড়াই চলাকালে আটক হওয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যরাও রয়েছেন।

প্রেসিডেন্ট সব ধরনের অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা এগিয়ে নেওয়ার অঙ্গীকার করে ঘোষণা দেন, 'রাষ্ট্রের বাইরে এমন কোনো অস্ত্র থাকবে না, যা বিদেশি শক্তির নির্দেশ নেয় বা তাদের স্বার্থ রক্ষা করে।' তিনি বলেন, 'আপনাদের অবশ্যই অস্ত্র সমর্পণ করতে হবে।'

লেবানন সরকার ইরান-সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি দিয়েছে, যাদের অস্ত্রভাণ্ডার দীর্ঘদিন ধরে জাতীয় সেনাবাহিনীর চেয়েও শক্তিশালী এবং যারা ইসরাইলকে প্রতিরোধের অজুহাতে অস্ত্র ধারণের যৌক্তিকতা দেখিয়ে আসছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার পর গত জুনে লেবানন ও ইসরাইল একটি কাঠামো চুক্তিতে স্বাক্ষর করে, যার মধ্যে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, দক্ষিণ লেবাননের ভূখণ্ড থেকে ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং ওই এলাকায় লেবানিজ সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। কিন্তু হিজবুল্লাহ অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানানোয় এবং ইসরাইল লেবাননে হামলা অব্যাহত রাখায় চুক্তিটির বাস্তবায়ন থমকে গেছে।

ইসরাইলি হামলা
শনিবার দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ, বিনত জবেইল এবং মারজায়ুন জেলায় ইসরাইলি হামলা আঘাত হেনেছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, ভোরে বারাচিত শহরে ইসরাইলি গুলিবর্ষণ করা হয় এবং শহরের উপকণ্ঠে ইসরাইলি সামরিক যানের চলাচল দেখা গেছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, প্রথম ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হতে ব্যর্থ হওয়ার পর ইসরাইলি যুদ্ধবিমান নাবাতিয়েহ-র কাফার তেবনিত শহরে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এনএনএ আরো জানায়, ইসরাইলি বাহিনী মারজায়ুন জেলার ওয়াদি আল-খিয়ামে তিনটি বিস্ফোরণ ঘটিয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

গত ২ মার্চ হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যকার সর্বশেষ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৪,৩৮৬ জন নিহত এবং ১২,৪০৭ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরাইলি হামলায় মোট ৮,৯৫৩ জন নিহত এবং ৩০,৬৪৩ জন আহত হয়েছেন।

সূত্র : আল জাজিরা