
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জেএফকে বিমানবন্দরে সোমবার স্থানীয় সময় বিকেলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান ও নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রতি অসদাচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘জেএফকে বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার অপচেষ্টা করেছে ফ্যাসিস্ট হাসিনার লেলিয়ে দেয়া কিছু পাণ্ডা। ফ্যাসিস্ট হাসিনার পাণ্ডাদের কর্তৃক ড. ইউনূসকে হেনস্তা বাংলাদেশ থেকে পলায়ন করা পতিত ফ্যাসিস্টদের অনুশোচনার অভাব ও দেশবিরোধী কার্যকলাপের ধারাবাহিকতারই অংশ বলে আমরা মনে করি। ড. ইউনূসের প্রতি এই অসম্মানজনক আচরণ পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতিহিংসাপরায়ণ মনোবৃত্তিরই বহিঃপ্রকাশ।’
রুহুল কবির রিজভী বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার কারণেই জেএফকে বিমানবন্দরে প্রফেসর ইউনূসের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। ড. ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টাই ছিলেন না, তিনি নোবেল লরিয়েট ও বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। জেএফকে বিমানবন্দরে ড. ইউনূস সাহেবের প্রতি অসদাচরণই করা হয়নি, বরং বিশ্বের কাছে বাংলাদেশকে হেয় করা হয়েছে। আওয়ামী দুঃশাসনে দেশ ছিল গুম-খুন ও গুপ্তহত্যার এক অরাজক পরিস্থিতি। সেই অপশাসনের সহযোগী দুষ্কৃতকারীরা দেশে-বিদেশে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এবং তারাই ড. ইউনূসের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে। বিদেশের মাটিতে সঙ্ঘটিত এই অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের জনগণের মনে এই ধারণাকে আরো বেশি পাকাপোক্ত করল যে ক্ষমতাচ্যুত হওয়ার দু’বছর পরও আওয়ামী লীগের দুর্বৃত্ত-পরায়ণ মনোভাব ও হিংসাশ্রয়ী আচরণের কোনো কমতি হয়নি।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতির ব্যাপ্তি এখনো আগের মতোই অব্যাহত। আর সে কারণেই তিনি নিজেদের কর্মীদেরকে দেশে-বিদেশে উস্কানি দিচ্ছেন এবং বাংলাদেশেও নানামুখী সন্ত্রাসী কর্মকাণ্ডকে মদদ দিচ্ছেন বলে বাংলাদেশের জনগণের কাছে তা প্রতিনিয়ত স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে। আওয়ামী দুষ্কৃতকারীদের কর্তৃক জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসের প্রতি অসৌজন্যমূলক আচরণের ঘটনার আমি ধিক্কার ও তীব্র নিন্দা জানাচ্ছি।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








