
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
লন্ডন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ ব্যবস্থাপক ন্যান্সি বাউহার্স্ট এ তথ্য জানিয়েছেন।
গত ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে তাদের গ্রেফতার করা হয়। তবে তদন্ত চলমান থাকায় ছয়জনকেই জামিনে মুক্তি দেয়া হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের নাম ও রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেনি পুলিশ।
গত ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকার মে ফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে এনসিপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরা হামলা চালায়।
লন্ডন পুলিশের তথ্য অনুযায়ী, ওই দিন রাত ৯টা ৫৯ মিনিটে হাই রোড এলাকায় প্রায় ৫০ জনের উপস্থিতিতে বিশৃঙ্খলার খবর পায় তারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নেয়া হয়। তবে তাদের আঘাত গুরুতর ছিল না।
পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ বিভিন্ন তদন্তের মাধ্যমে যুক্তরাজ্যের ১৯৮৬ সালের পাবলিক অর্ডার অ্যাক্টের ২ নম্বর ধারায় সহিংস বিশৃঙ্খলায় জড়িত থাকার সন্দেহে ছয়জনকে গ্রেফতার করা হয়। তবে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে পুলিশ কিছু জানায়নি।
তদন্তের নেতৃত্বে থাকা ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর স্টিভ মালকাহি বলেন, এ ঘটনায় রেডব্রিজ এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকে বাড়ি থেকে বের হতেও ভয় পাচ্ছিলেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
লন্ডন পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত এখনো চলছে। তদন্তে সহায়ক হতে পারে—এমন সিসিটিভি বা গাড়ির ড্যাশক্যামের ফুটেজ কারো কাছে থাকলে ১০১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









