
শহীদ জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কর্মীরা নিজেদের স্বার্থে কোনো অন্যায়, অনাচার, চাঁদাবাজি কিংবা দখলদারির সাথে জড়িত নন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
তিনি বলেন, কারো অপকর্মের কারণে যদি বিএনপির সমালোচনা করার সুযোগ তৈরি হয়, তাহলে এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ আওয়ামী লীগের মাধ্যমে সারাদেশে নৈরাজ্য, দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘যে সত্যিকারের শহীদ জিয়ার কর্মী, দেশনেত্রীর কর্মী, তারেক রহমানের কর্মী—সে অপরাধী হতে পারে না, সে চাঁদাবাজ হতে পারে না, সে দখলবাজ হতে পারে না, সে সন্ত্রাসী হতে পারে না। যদি কেউ হয়, সে বিএনপির কর্মী না, সে খালেদা জিয়ার কর্মী না, সে তারেক রহমানের কর্মী না।’
তিনি বলেন, ফ্যাসিস্ট শক্তি সবসময় গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের বিপক্ষে অবস্থান নেয়। তারা দেশের জনগণকে শান্তিতে থাকতে দিতে চায় না। এ কারণেই তারা বিভিন্নভাবে দেশের জনগণের শান্তি এবং সরকারের উন্নয়ন প্রচেষ্টাকে নস্যাৎ করার চেষ্টা করছে।
তিনি বলেন, বিএনপি বরাবরই গণতন্ত্র পুনরুদ্ধার, উন্নয়ন অর্জন এবং জনগণের পক্ষে অবস্থান করেছে।
দেশের শান্তি ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে পরাজিত শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির এই নেতা।
তিনি আরো বলেন, ‘লড়াই করে অর্জিত গণতন্ত্র যারা নস্যাৎ করতে চাইবে, তারা আমাদের বন্ধু হতে পারে না। যারা আমাদের আন্দোলন-সংগ্রামের সাথী ছিলেন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে—আল্লাহর ওয়াস্তে এমন কিছু করবেন না, যাতে তাদের কমন যে প্রতিদ্বন্দ্বী, কমন যে প্রতিপক্ষ আওয়ামী লীগ, তারা যেন সুযোগ না পায়।’








