পাবনা, থানায়, হামলা,
পাবনার বেড়া মডেল থানায় নিষিদ্ধ আওয়ামী লীগের বল্লম হামলা ও ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। নয়া দিগন্ত
ads

পাবনার বেড়া পৌর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে আকস্মিকভাবে বেড়া মডেল থানায় দেশীয় অস্ত্র বল্লম নিয়ে হামলা চালানো হয়েছে। এসময় তারা ককটেল বিস্ফোরণ এবং বাস ভাঙচুর করে। 

রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টার দিকে সংঘটিত এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের আক্রমণ প্রতিহত করে।

আরো পড়ুন : ক্ষমতাচ্যুত হয়ে পলাতক, দেশের মাটিতে কবর মেলেনি যাদের

বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও নতুন করে সহিংসতার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার আনুমানিক ৪টার দিকে বেড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শম্ভুপুর গ্রামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করে। মিছিলটি ডাকবাংলা এলাকা থেকে শুরু হয়ে বেড়া মডেল থানার দিকে অগ্রসর হয়।

আরো পড়ুন : মধ্যপ্রাচ্যে সক্রিয় ইরান, বদলে যাচ্ছে আঞ্চলিক ভারসাম্য

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা থানায় ককটেল নিক্ষেপ করে ও আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা চালায়। এ সময় তারা থানার ফটকের সামনে অবস্থান নিয়ে পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। শনিবার (২৮ নভেম্বর) রাতে গ্রেফতার হওয়া নিষিদ্ধ মহিলা লীগের চার কর্মীকে ছাড়িয়ে নেয়ার হুমকিও দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটতে শুরু করে।

থানা এলাকা থেকে পিছু হটার পর হামলাকারীরা বেড়া শহীদ খালেক স্টেডিয়ামের আশপাশের বিভিন্ন এলাকায় মশাল নিয়ে মিছিল ও অগ্নিসংযোগ করে। এ সময় বেড়া-পাবনা-ঢাকা রুটের ‘আলহামরা’ পরিবহনের বাস ভাঙচুর করা হয়। আশপাশের এলাকায় বেশ কিছুক্ষণ নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পর তারা সটকে পড়ে।

আরো পড়ুন : যেভাবে অল্পের জন্য রক্ষা পেলেন হামাসপ্রধানের ছেলে

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গালাম মোস্তফা জানান, ‘রোববার ভোররাতে একটি মিছিল থেকে থানায় ককটেল বিস্ফোরণ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়। পুলিশ জানমাল রক্ষার্থে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

ওসি আরো বলেন, ‘থানায় হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অগ্নিসংযোগ ও বাস ভাঙচুরসহ নাশকতায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া রাতে মহিলা আওয়ামী লীগের গ্রেফতাকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনি প্রক্রিয়া চলমান আছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।’ 

থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।