তাসকিন আহমেদ
তাসকিন আহমেদ। সংগৃহীত
ads

টেস্ট সিরিজে ব্যর্থতার পর এবার সাদা বলের ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর পালা বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো শুরুর পাশাপাশি সিরিজ জয়ের লক্ষ্যও রাখছে দল। তবে অতীতের সাফল্য নিয়ে পড়ে থাকতে চান না পেসার তাসকিন আহমেদ। ঘুরে দাঁড়াতে চান এবার।

রোববার (২৯ নভেম্বর) সংবাদ সম্মেলনে ওয়ানডে সিরিজ নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান তাসকিন। টেস্ট সিরিজের হতাশা পেছনে ফেলে প্রথম ম্যাচ থেকেই ভালো করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। তার মতে, মাঠে নেমে নির্দিষ্ট দিনে ভালো খেলেই জয় তুলে নিতে হবে।

তাসকিন বলেন, ‘যেহেতু টেস্ট সিরিজ প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি, ওয়ানডেতে কিভাবে ভালো খেলে শুরু করা যায়, সেটাই ভাবছি। যদিও সর্বশেষ এখানে ওয়ানডে সিরিজ ভালো হয়েছিল, তবে সেটা অনেক দিন আগে। আশা থাকবে কিভাবে সিরিজ জেতা যায়। এর চেয়ে গুরুত্বপূর্ণ, প্রথম ম্যাচ কিভাবে ভালো শুরু করা যায়।’

দলের প্রস্তুতি ও মানসিক অবস্থা নিয়েও কথা বলেছেন এই পেসার। তার মতে, দলের কয়েকজন ক্রিকেটার দেশে সাদা বলের প্রস্তুতি নিয়ে দক্ষিণ আফ্রিকায় গেছেন। কন্ডিশন ভিন্ন হলেও দ্রুত মানিয়ে নেয়ার চেষ্টা করছেন সবাই।

তাসকিন বলেন, ‘কয়েকজন তো একদম ফ্রেশ অবস্থায় আছে। তারা সাদা বলে দেশে প্রস্তুতি নিয়েছে। যদিও দেশ ও এখানে কন্ডিশন ভিন্ন। সবাই তাড়াতাড়ি মানিয়ে নিচ্ছে। যারা আছে সবাই রিল্যাক্স থেকে কিভাবে বাড়তি চাপ ছাড়া খেলতে পারে, সেটাই চেষ্টা করছে।’

তিনি আরো বলেন, ‘বাড়তি চাপ নিলে এক্সিকিউশন ভালো হয়ে যাবে, এমন কিছু না। গেম প্ল্যান, গেম অ্যাওয়ারনেস ঠিক রেখে কিভাবে জেতা যায়, সেভাবেই সবাই প্রস্তুতি নেয়ার চেষ্টা করছে।’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স আশানুরূপ নয়। তবে তাসকিন মনে করেন, প্রথম ম্যাচের ফলই সিরিজে দলের আত্মবিশ্বাস তৈরিতে বড় ভূমিকা রাখতে পারে। ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলীয় জয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

তার ভাষায়, ‘সবই নির্ভর করছে প্রথম ম্যাচ কিভাবে শুরু হয়। প্রত্যেক সিরিজের প্রথম ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। জয় দিয়ে শুরু হলে ভালো লাগে। এটা টিম গেম। আলাদা পারফরম্যান্স তো আছেই, টিম রেজাল্ট না করলে কোনো লাভ হবে না। লক্ষ্য একটাই থাকবে, কিভাবে দল জিততে পারে। আর জয়ের পেছনে যেভাবেই আমি ভূমিকা রাখতে পারি, এটাই চেষ্টা থাকবে।’

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সবশেষ ওয়ানডে সাফল্যও আত্মবিশ্বাস জোগাচ্ছে তাসকিনকে। তবে অতীতের সেই স্মৃতিকে বর্তমানের জয়ের নিশ্চয়তা হিসেবে দেখতে নারাজ তিনি।

তাসকিনের কথায়, ‘গত স্মৃতি যেহেতু দারুণ। তবে স্মৃতি তো স্মৃতিই রয়ে যায়। মাঠে নির্দিষ্ট দিনে ভালো খেলেই জিততে হবে।’