
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সৌদি আরবে ওমরাহ পালনকারী বিদেশিদের মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি ছিল। এ সময়ে বিদেশি ওমরাহযাত্রীদের ৫১ দশমিক ৪৫ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৫৫ শতাংশ পুরুষ।
সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেট রোববার (২৯ নভেম্বর) দেশটির পরিসংখ্যান কর্তৃপক্ষের (জিএএসটিএটি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন—এই তিন মাসে মোট ৪০ লাখ ৯৪ হাজার ২৯৩ জন ওমরাহ পালন করেছেন। তাঁদের মধ্যে বিদেশি ওমরাহযাত্রী ছিলেন ৮ লাখ ৬১ হাজার ৭৪৮ জন।
এ সময়ে সৌদি আরবের ভেতর থেকে ওমরাহ পালন করেছেন ৩২ লাখ ৩২ হাজার ৫৪৫ জন। তাঁদের মধ্যে সৌদি নাগরিক ১৮ লাখ ৮১ হাজার ১০৩ জন, যা মোট দেশীয় ওমরাহযাত্রীর ৫৮ দশমিক ২ শতাংশ। অন্য দেশের নাগরিক ছিলেন ১৩ লাখ ৫১ হাজার ৪৪২ জন, যা ৪১ দশমিক ৮ শতাংশ।
বিদেশি ওমরাহযাত্রীদের সৌদি আরবে আসার ক্ষেত্রে আকাশপথের ব্যবহার ছিল সবচেয়ে বেশি। মোট যাত্রীর ৭৭ দশমিক ২ শতাংশ এসেছেন বিমানে। স্থলপথে এসেছেন ২২ দশমিক ৬ শতাংশ এবং সমুদ্রপথে শূন্য দশমিক ২ শতাংশ।
দ্বিতীয় প্রান্তিকে বিদেশি ওমরাহযাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন জুন মাসে। ওই মাসে ৬ লাখ ১২ হাজার ২৫৬ জন বিদেশি ওমরাহ পালন করেন। তিন মাসে বিদেশ থেকে আসা মোট ওমরাহযাত্রীর ৭১ শতাংশই এসেছেন জুনে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









