
শরীয়তপুর-২ আসনের হতদরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে নিজ উদ্যোগ ও অর্থায়নে ২১৬ জনকে বিনামূল্যে বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছেন সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। এরই ধারাবাহিকতায় বিভিন্ন কাজের অভিজ্ঞতার জন্য প্রশিক্ষণ শেষে দ্বিতীয় ধাপে আরো ১১ জন বেকার যুবকের হাতে ভিসা, পাসপোর্ট, বিমান টিকিট ও প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ১১ জন বেকার যুবকের হাতে ভিসা, পাসপোর্ট, বিমান টিকিট তুলে দেন জেলা প্রশাসক তাহসিনা বেগম।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম শিমু, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণের ব্যক্তিগত সহকারী ও ম্যাটকো ইন্টারন্যাশনালের প্রতিনিধি সাহাদাত হোসেন উজ্জ্বল, শরীয়তপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার, সাধারণ সম্পাদক নুরুল আমিন রবিনসহ শরীয়তপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্তত ১৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
বিদেশে যাওয়ার সুযোগ পাওয়া যুবকরা জানান, বিদেশে চাকরির আশায় বিভিন্ন সময় দালালদের মাধ্যমে প্রতারিত হয়ে তারা অনেক টাকা খরচ করেছেন। কিন্তু অর্থ ব্যয় করেও কাঙ্ক্ষিত কর্মসংস্থানের সুযোগ পাননি। এমন পরিস্থিতিতে সংসদ সদস্য শফিকুর রহমান কিরণের উদ্যোগ ও অর্থায়নে বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ তার নির্বাচনী ইশতেহারে নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে বেকার যুবককে বিনা খরচে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে যথাযথ প্রশিক্ষণ শেষে দ্বিতীয় ধাপে ১১ জন যুবককে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মসংস্থানের জন্য ভিসা, বিমান টিকিট ও প্রয়োজনীয় কাগজপত্র দেয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে বিদেশগামী যুবকদের পরিবারগুলো আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে। একই সাথে তাদের অর্জিত প্রবাসী আয় দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখবে।
এর আগে গত ২২ আগস্ট প্রথম ধাপে বিনা খরচে ৫৩ শিক্ষিত বেকার তরুণ তাদের স্বপ্ন পূরণের আশায় পৌঁছে গেছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের নতুন ঠিকানায়।
উল্লেখ্য, দেশের বেকার সমস্যা কমানো এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষে চলতি বছরের মে মাসে নড়িয়া-সখিপুরের প্রতিটি ওয়ার্ড থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে একজন করে মোট ২১৬ জন যুবককে আরব আমিরাতের দুবাইসহ বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার জন্য নির্বাচন করা হয়। তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ শেষে বিভিন্ন ক্যাটাগরির ভিসায় দুই ধাপে ৬৪ জন শিক্ষিত বেকার যুবকের হাতে ভিসা ও বিমান টিকিট তুলে দেয়া হয়।







