
কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে সাহাজুল ইসলাম (৩২) নামে এক বাংলাদেশী যুবক আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশী কৃষকেরা এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির হাতে তুলে দিয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জামালপুর সীমান্তসংলগ্ন মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।
আহত সাহাজুল ইসলাম জামালপুর গ্রামের সাহাবাজের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে সাহাজুল ইসলাম মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে যান। এ সময় সীমান্ত এলাকায় এক ভারতীয় নাগরিকের সাথে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিএসএফ সদস্যরা সাহাজুলকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়েন। এতে তার পা ও শরীরের বিভিন্ন স্থানে গুলি ও স্প্লিন্টার বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
এ ঘটনার পর ক্ষুব্ধ সীমান্তবর্তী মাঠে কর্মরত বাংলাদেশী কৃষকেরা এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন। বর্তমানে তিনি বিজিবির হেফাজতে রয়েছেন।
বিএসএফের গুলিবর্ষণের প্রতিবাদে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা সতর্কতামূলক তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। বর্তমানে সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, নদীতে তুচ্ছ বিষয় নিয়ে বিএসএফ সদস্যরা হঠাৎ গুলি চালান। এতে সাহাজুল আহত হলে সীমান্তজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। গুলিবর্ষণ ও আটক ভারতীয় নাগরিকের বিষয়ে সীমান্ত প্রটোকল ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় বিএসএফের সাথে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








