চীন, মহাকাশ স্টেশন, পাকিস্তান, প্রথম নভোচারী, তিয়াংগং,
পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলী। দুনিয়া নিউজ টিভি
ads

চীনের তিয়াংগং(স্বর্গের প্রাসাদ) মহাকাশ স্টেশনে পৌঁছেছেন পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলী। বুধবার চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে দুই চীনা নভোচারী তাং হংবো ও উ ইর সাথে তিনি স্টেশনে পৌঁছান। জিউকুয়ান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রা শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর মহাকাশযানটি সফলভাবে তিয়াংগং স্টেশনে যুক্ত হয়। চীনের মানববাহী মহাকাশ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তানের দুনিয়া নিউজ টিভি বুধবার (২৫ নভেম্বর) জানায়, দেশটির ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। পাকিস্তানের প্রথম নভোচারীর এই মহাকাশযাত্রাকে দেশটির সাথে চীনের বন্ধুত্বের ইতিহাসেও বিশেষ অর্জন হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তান সময় সকাল ৫টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬-১৮) মহাকাশযানটি যাত্রা শুরু করে। মহাকাশে এক সপ্তাহ অবস্থানের পর নভোচারীদের পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে।

জিউকুয়ান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রা শুরু

যাত্রার আগে নভোচারীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী আহসান ইকবাল উপস্থিত ছিলেন। সেখানে পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পাকিস্তানি ও চীনা নভোচারীরা উপস্থিত ব্যক্তিদের হাত নেড়ে বিদায় জানান। পরে বিশেষ প্রটোকলে তিন নভোচারী গাড়িতে করে মহাকাশ কেন্দ্রে পৌঁছান।

মহাকাশযাত্রার আগে মুহাম্মদ জিশান আলী বলেন, তিনি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা সাথে নিয়ে মহাকাশে যাচ্ছেন। শুধু তিনি নন, এই অভিযানে প্রতিনিধিত্ব করবে গোটা পাকিস্তান। এটি তার পাশাপাশি পুরো দেশের জন্যই সম্মানের বিষয়।

তিনি বলেন, ভবিষ্যতে পাকিস্তান ও চীন আরো যৌথ মহাকাশ অভিযান পরিচালনা করবে। দুই দেশের বন্ধুত্ব হিমালয়ের চেয়েও উঁচু, মধুর চেয়েও মিষ্টি। এ সময় পাকিস্তানের নভোচারী জাতীয় কবি আল্লামা ইকবালের একটি কবিতাও আবৃত্তি করেন।

চীনা নভোচারী বলেন, মহাকাশ অনুসন্ধানে পাকিস্তান ও চীনের স্বপ্ন অভিন্ন। জিশান চীনা ভাষা শেখার জন্য কঠোর পরিশ্রম করেছেন। এতে তাদের মধ্যে যোগাযোগ সহজ হয়েছে।

এই অভিযানে জিশান পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন। ক্ষুদ্র অভিকর্ষের পরিবেশে তিনি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। পাকিস্তান ও চীনের নভোচারীরা যৌথভাবে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা করবেন। মহাকাশ গবেষণায় জিশানের এই ঐতিহাসিক যাত্রা পাকিস্তানের অবস্থান আরো দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

পাকিস্তানের মহাকাশ গবেষণা ও উচ্চ বায়ুমণ্ডল কমিশন (সুপারকো) এবং চীনের মানববাহী মহাকাশ সংস্থার মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে একটি দ্বিপক্ষীয় মহাকাশ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় এ বছরের এপ্রিলে পাকিস্তানের দুই প্রার্থী মুহাম্মদ জিশান আলী ও খুররম দাউদকে চীনে নভোচারী হিসেবে নিবিড় প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়। তাদের মধ্যে একজনকে তিয়াংগং মহাকাশ স্টেশনে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই অর্জনে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি একে ‘ঐতিহাসিক অর্জন’ এবং জাতীয় গৌরবের মুহূর্ত বলে অভিহিত করেন। প্রেসিডেন্টের দফতর থেকে প্রকাশিত এক বার্তায় তিনি আশা প্রকাশ করেন, এই অভিযান পাকিস্তানের মহাকাশ কর্মসূচির সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। মহাকাশযাত্রায় পরিচালিত বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা গবেষণা ও জ্ঞানচর্চায় অবদান রাখবে।

জারদারি বলেন, মানববাহী মহাকাশ অভিযানে পাকিস্তানের অংশগ্রহণের লক্ষ্য শুধু মহাকাশে পৌঁছানো নয়; গবেষণা, শিক্ষা ও উদ্ভাবনের কাজে মহাকাশের সুযোগ কাজে লাগানোও এর উদ্দেশ্য। জাতীয় কবি আল্লামা ইকবালের ‘সিতারোঁ সে আগে জাহাঁ অউর ভি হ্যায়’(তারাদের সীমানা ছাড়িয়েও রয়েছে আরো কত অজানা জগৎ) পঙ্‌ক্তি উদ্ধৃত করে তিনি বলেন, এই অর্জন তরুণ প্রজন্মকে জ্ঞান, উদ্ভাবন ও বৈজ্ঞানিক আবিষ্কারের পথে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এই অভিযানকে পুরো জাতির ঐতিহাসিক অর্জন বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, পাকিস্তান এখন প্রত্যাশা, গর্ব ও গভীর কৃতজ্ঞতা নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। এই অর্জনে অবদানের জন্য তিনি সুপারকো, শিক্ষাপ্রতিষ্ঠান, বিজ্ঞানী, সশস্ত্র বাহিনী ও অন্যান্য জাতীয় প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা জানান।

যাত্রা শুরুর আগে

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকেও ধন্যবাদ জানান শাহবাজ। তিনি বলেন, তার নেতৃত্ব ও পাকিস্তান-চীন বন্ধুত্বের প্রতি অঙ্গীকার দুই দেশের সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে নজিরবিহীন উচ্চতায় নিয়ে গেছে। এই অভিযান দুই দেশের অসাধারণ আস্থা, পারস্পরিক শ্রদ্ধা ও দীর্ঘস্থায়ী ভ্রাতৃত্বের প্রমাণ। নভোচারীদের নিরাপদ ও সফল যাত্রাও কামনা করেন তিনি।

শাহবাজ লেখেন, ‘মহাকাশের পথে যাত্রায় পাকিস্তান-চীন বন্ধুত্ব হিমালয়ের উচ্চতাকেও ছাড়িয়ে যাচ্ছে।’

এপ্রিলে দুই নভোচারী নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তাদের সাথে সাক্ষাৎ করে অভিনন্দন জানিয়েছিলেন। তখন তিনি এই অভিযানকে পুরো জাতির গর্বের বিষয় বলে অভিহিত করেন। নভোচারীদের নিরলস পরিশ্রমের প্রশংসা করে শাহবাজ আশা প্রকাশ করেন, এই যৌথ উদ্যোগ ইসলামাবাদ ও বেইজিংয়ের দীর্ঘদিনের সর্বকালীন কৌশলগত অংশীদারত্বে নতুন মাত্রা যোগ করবে।

পাকিস্তানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ও অন্যতম প্রধান বিদেশি বিনিয়োগকারী চীন গত এক দশকে নিজস্ব মহাকাশ সক্ষমতা দ্রুত বাড়িয়েছে। ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্যও রয়েছে দেশটির।

যুক্তরাষ্ট্রের আইনগত বিধিনিষেধের কারণে ২০১১ সাল থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে চীনের অংশগ্রহণ বন্ধ রয়েছে। ওই বিধিনিষেধে নাসাকে বেইজিংয়ের সাথে সহযোগিতা করতে নিষেধ করা হয়েছে। এর পর থেকে চীন তিয়াংগং মহাকাশ স্টেশনকে আন্তর্জাতিক অংশীদারদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে। দেশটির বৈশ্বিক মহাকাশ কূটনীতিতে পাকিস্তান এখন অগ্রণী অবস্থানে রয়েছে।