সাত খুন মামলা, জিয়াউল আহসান, তারেক সাঈদ, ৫-৬ কোটি টাকার লেনদেন, ফ্ল্যাট উপহার, আসামিদের স্বীকারোক্তি, হাইকোর্টের সাজা, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ
সাবেক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। সংগৃহীত
ads

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আপিল শুনানিতে আসামিদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভয়াবহ বিবরণ তুলে ধরা হয়েছে।

জবানবন্দি ও সুরতহাল প্রতিবেদনের তথ্যের মধ্যে শতভাগ মিল থাকায় হাইকোর্টের দেয়া সাজা বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ অনীক রুশদ হক (অনীক আর হক)।

বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি শেষে প্রেস ব্রিফিংয়ে মামলার বিভিন্ন দিক ও আসামিদের জবানবন্দির তথ্য তুলে ধরেন তিনি।

শুনানিতে আসামিদের জবানবন্দি উপস্থাপন প্রসঙ্গে অনীক আর হক জানান, ‘এই মামলায় হাইকোর্ট ১৫ জনকে ফাঁসি, ১১ জনকে যাবজ্জীবন এবং আরো নয়জনকে ১০ বছর ও ৭ বছরসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। আজকের শুনানিতে প্রথমে হাইকোর্টের রায়ের কিছু অংশ পড়ে শোনানো হয়, যেখানে কার কী ভূমিকা ছিল তা উল্লেখ রয়েছে।’

আরো পড়ুন : নারায়ণগঞ্জের ৭ খুন মামলার আপিল শুনানি শুরু

তিনি বলেন, ‘হত্যাকাণ্ডটি সংঘটিত হওয়ার সময় কোনো প্রত্যক্ষদর্শী (আই-উইটনেস) ছিল না। পুরো মামলাটি মূলত আসামিদের দেয়া দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। আজ আমরা সাবেক র‍্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা, হাবিলদার এমদাদুল হক এবং সিপাহী আবু তৈয়বের জবানবন্দির অংশবিশেষ পড়ে শুনিয়েছি। সময়ের অভাবে সিপাহী আবু তৈয়বের জবানবন্দিটি পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি।’

আসামিদের জবানবন্দির ভয়াবহতার কথা উল্লেখ করে অনীক আর হক বলেন, ‘আসামিরা অত্যন্ত সাবলীলভাবে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন। জবানবন্দিতে তারা বলেছেন, "হ্যাঁ, পাঁচজনকে ধরেছিলাম। আরো দুইজন রাস্তায় আমাদেরকে ওদের ধরতে দেখে চিৎকার করছিল, তাই ওদেরকেও নিয়ে নিয়েছি।" পরে তৎকালীন অধিনায়ক (সিও) তারেক সাঈদ নির্দেশ দেন, "সাতজনকেই গুম করে ফেলো।" হত্যাকাণ্ডের পর তারা জানান যে সাতজনকে মেরে ফেলা হয়েছে এবং এরপর তারা স্বাভাবিক নিয়মে খাওয়া-দাওয়াও করেন।’

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ‘পুরো ঘটনাটি শুনলে মনে হবে যেন কোনো সিনেমার পাতা থেকে উঠে এসেছে। কিন্তু এই কথাগুলো আসামিরা নিজেরাই জবানবন্দিতে বলেছেন এবং প্রত্যেকের বক্তব্য একজনের সাথে আরেকজনের হুবহু মিলে যাচ্ছে।’

মৃত্যু নিশ্চিত ও লাশ গুমের কৌশল জবানবন্দির বরাত দিয়ে তিনি আরো জানান, ‘আসামিরা প্রথমে পলিথিন বেঁধে ভুক্তভোগীদের মৃত্যু নিশ্চিত করেন। পরে ট্রলারে করে নিয়ে নদীতে ফেলার সময় লাশগুলো যাতে পানিতে ভেসে না ওঠে, সেজন্য প্রত্যেকের পেটে ছুরি দিয়ে আঘাত (পোচ দিয়ে পেট চিরে) করা হয়। সুরতহাল (ইনকোয়েস্ট) প্রতিবেদনের সাক্ষীদের বক্তব্যের সাথেও আসামিদের এই বর্ণনার শতভাগ মিল পাওয়া গেছে।’

অর্থ লেনদেন ও ‘গডফাদার’-এর ভূমিকা সাক্ষ্য ও জবানবন্দিতে এই হত্যাকাণ্ডের পেছনে ৫ থেকে ৬ কোটি টাকার লেনদেন, ফ্ল্যাট উপহার এবং কয়লা ব্যবসার সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে বলেও জানান তিনি।

নেপথ্যের নির্দেশদাতার বিষয়ে তিনি বলেন, ‘সবকিছুর পেছনে একজন “গডফাদার“ মেজর জেনারেলের (অব) জিয়াউল আহসান ছিলেন, যার বিচার বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলছে। তারেক সাঈদ নিজেই জবানবন্দিতে বলেছেন যে তার প্রথম নির্দেশ এবং অনুমতি ছাড়া র‍্যাব তখন কোনো কিছুই করত না।’

সবশেষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মন্তব্য করেন, হাইকোর্ট অত্যন্ত নিখুঁতভাবে ও বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে আসামিদের প্রাপ্য শাস্তি দিয়েছেন। অপরাধের ভয়াবহতা বিবেচনায় যেকোনো সুস্থ মানুষই এই আসামিদের জন্য একই শাস্তি কামনা করবেন।