
ভারী বৃষ্টির কারণে নদীর পানি উপচে পড়ায় ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের একটি অবৈধ স্বর্ণখনিতে বন্যার সৃষ্টি হয়েছে। এতে খনির ভেতরে ২৬ জন শ্রমিক আটকা পড়েছেন। বুধবার (২৫ নভেম্বর) পুলিশ এ তথ্য জানিয়েছে।
খনিজ সম্পদে সমৃদ্ধ দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্বীপপুঞ্জে খনি দুর্ঘটনা প্রায়ই ঘটে।
পুলিশ জানায়, গত সোমবার প্রবল বৃষ্টির পর পাশের একটি নদীর পানি উপচে জাভা দ্বীপের বোগর জেলার একটি উন্মুক্ত অবৈধ স্বর্ণখনিতে পানি ঢুকে পড়ে। এতে খনির ভেতরে ২৬ জন শ্রমিক আটকা পড়েন।
পশ্চিম জাভা পুলিশের মুখপাত্র হেন্দ্রা রচমাওয়ান এক বিবৃতিতে বলেন, ‘এখন পর্যন্ত ২৬ জনকে খনি থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।’
তিনি আরো বলেন, ‘উদ্ধারকারী দল সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তবে বৃষ্টির কারণে প্রতিকূল পরিস্থিতি এবং খনির ভেতরে প্রবেশের সরু পথের কারণে খনন সুড়ঙ্গে পৌঁছাতে তাদের বেগ পেতে হচ্ছে।’
রচমাওয়ান জানান, সোমবার পানিতে খনির প্রবেশপথ ডুবে যাওয়ার আগেই ১১ জন শ্রমিক নিরাপদে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন।
তবে খনির ভেতরে শ্রমিকেরা আটকা পড়ার বিষয়টি কর্তৃপক্ষ জানতে পারে মঙ্গলবার।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









