গ্রেফতার
অতিরিক্ত পুলিশ সুপার মো: আবুল হাসান। সংগৃহীত
ads

নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগ’ বলে পরিচয় দেয়ার অভিযোগে আলোচনায় আসা গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো: আবুল হাসানকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় করা একটি মামলায় তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট ও কলাবাগান থানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেন। পরে তাকে ময়মনসিংহের এসআরবি-১৪-তে বদলি করা হয়।

৫ আগস্টের আগে তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটানো, বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ওঠে। কলাবাগান থানা যুবদলের সাবেক সদস্য সচিব শাহ আলম সৈকত তার ফেসবুক পোস্টে দাবি করেন, দায়িত্ব পালনকালে আবুল হাসান নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগ’ বলে পরিচয় দিতেন।

শাহ আলম সৈকতের অভিযোগ, আবুল হাসানের নেতৃত্বে তার বাসায় একাধিকবার পুলিশি অভিযান চালানো হয় এবং ভাঙচুর করা হয়। এ সময় পরিবারের সদস্যদের ক্রসফায়ারের হুমকিও দেয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পরও আলোচনায় আসেন আবুল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে ওই ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ময়মনসিংহের এসআরবি-১৪-এর অধিনায়ক মাসুদ রানা তার গ্রেফতারের বিষয়টি সাংবা‌দিক‌দের নিশ্চিত করে বলেন, ‘ডিবি পুলিশের একটি দল অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে নিয়ে গেছে।’