
‘আমি নিজের জন্য মহাকাশে যাচ্ছি না। আমার কাঁধে পাকিস্তানের নাম, ২৫ কোটি পাকিস্তানির আশা-আকাঙ্ক্ষা।’ চীনের মহাকাশ স্টেশনে যাওয়ার আগে এভাবেই নিজের অভিযানের তাৎপর্য তুলে ধরলেন পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলী। বুধবার চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে মহাকাশের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সফল হলে চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম বিদেশি নভোচারী হবেন জিশান।
পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন (২৪ নভেম্বর) জানায়, মঙ্গলবার চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্রে এক সংবাদ সম্মেলনে তিন সদস্যের অভিযাত্রী দলের নাম ঘোষণা করে চীনের মানব মহাকাশযান সংস্থা (সিএমএসএ)। দলের নেতৃত্বে থাকবেন তাং হংবো। ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই। আর জিশান আলী দায়িত্ব পালন করবেন পেলোড বিশেষজ্ঞ হিসেবে। অর্থাৎ, মহাকাশ স্টেশনে নির্দিষ্ট বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার দায়িত্ব থাকবে তার ওপর। বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টা ১৮ মিনিটে লং মার্চ-২এফ রকেটে মহাকাশযানটি উৎক্ষেপণের কথা রয়েছে।
জিউকুয়ানে সাংবাদিকদের জিশান বলেন, এই অভিযানে নির্বাচিত হওয়া তার পাশাপাশি পাকিস্তানের জন্যও সম্মানের। প্রশিক্ষণের সুযোগ দেয়ায় তিনি চীনের মহাকাশকেন্দ্রের প্রশাসন ও কর্মীদের ধন্যবাদ জানান। চীনা নভোচারীদের সাথে কাজ করতে গিয়ে বন্ধুত্ব ও পেশাগত সম্পর্ক গড়ে উঠেছে বলেও জানান তিনি।
শিশুদের স্বপ্ন দেখালেন জিশান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে সাক্ষাতের কথা স্মরণ করে জিশান বলেন, এই অভিযান শুধু মহাকাশে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এর পর কী করা হবে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। কক্ষপথে থাকাকালে তাকে যারা দেখবে, সেই শিশুদের উদ্দেশে বলেন, ‘আকাশের দিকে তাকিয়ে মনে রেখো, আমি সেখানে আছি তোমাদের স্বপ্ন নিয়ে।’
চীন-পাকিস্তান বন্ধুত্বের কথা তুলে ধরে তিনি বলেন, এই বন্ধুত্ব পাহাড়ের চেয়ে উঁচু, সমুদ্রের চেয়ে গভীর, মধুর চেয়ে মিষ্টি এবং মহাকাশের মতো বিস্তৃত। মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারে দুই দেশের একসাথে কাজ করার বার্তা দিতে চান তারা। তার কথায়, ‘এই অভিযান শেষ গন্তব্য নয়, বরং নতুন যাত্রার সূচনা।’ ভবিষ্যতে চাঁদ, মঙ্গলগ্রহ ও তার বাইরেও যৌথ অভিযান চালানোর আশা প্রকাশ করেন তিনি।
পরিবারের জন্য বিশেষ প্রতিশ্রুতি
পরিবারের উদ্দেশে জিশান বলেন, ‘বাড়ি থেকে জীবনে এত দূরে আর কখনো যাইনি। তবে কথা দিচ্ছি, পৃথিবীকে প্রথমবার পেছনে ফিরে দেখার সময় অন্য কিছুর আগে আমাদের বাড়ির আলো খুঁজব।’ তিনি আরো বলেন, যত দূরেই যান, সবাই একই চাঁদ ও একই পৃথিবীর নিচে থাকবেন।
খুররম দাউদকেও স্মরণ করলেন মন্ত্রী
পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল জিশানকে অভিনন্দন জানিয়ে তার সহপ্রশিক্ষণার্থী খুররম দাউদের কথাও স্মরণ করেন। দুজনকেই পাকিস্তানের সেরা পাইলট ও বিজ্ঞানীদের মধ্য থেকে বেছে নেয়া হয়েছিল। মন্ত্রী বলেন, সেন্ট্রিফিউজ, সিমুলেটর, জরুরি পরিস্থিতি মোকাবিলার মহড়া ও নতুন ভাষা শেখার প্রশিক্ষণে দুজনই অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। ‘জিশান কাল মহাকাশে যাচ্ছেন, কিন্তু দুজনই এরই মধ্যে পাকিস্তানকে গর্বিত করেছেন।’
জিউকুয়ানে জিশানের সাথে পাকিস্তানি প্রতিনিধিদলের বিশেষ সাক্ষাতের সময় খুররমও উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, পুরো জাতির দোয়া জিশানের সাথে রয়েছে।
চীনের মহাকাশ স্টেশনে জিশান স্বল্পমেয়াদি অভিযান শেষে শেনঝৌ-২৩ মহাকাশযানে পৃথিবীতে ফিরবেন। শেনঝৌ-২৪ চীনের মনুষ্যবাহী মহাকাশ কর্মসূচির ৪১তম অভিযান। সেখানে নভোচারীরা বৈজ্ঞানিক পরীক্ষা ও গবেষণা চালাবেন। উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মহাকাশ ও বায়ুমণ্ডল গবেষণা সংস্থা সুপারকো এবং চীনের মানব মহাকাশযান সংস্থার চুক্তির আওতায় দুই পাকিস্তানি নভোচারীকে প্রশিক্ষণ দেয়া হয়। তাদের মধ্য থেকেই জিশানকে এই অভিযানের জন্য বেছে নেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









