১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী 
সাংবাদিকদের ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত
ads

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণায় সরকার চাপে নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এই জাতীয় তথাকথিত কোনো কর্মকাণ্ড যদি থাকে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের নিয়মিত আয়োজন করবে এবং এগুলো আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত কাজ।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে এমন জবাব দেন তিনি।

আরো পড়ুন : চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

সরকার সবসময় সতর্ক আছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আসিব আসিব বলিয়া কতদিন পার হবে এগুলোতে আমাদের নজর নাই। একবার বলে নভেম্বর, একবার বলে ডিসেম্বর। আমরা সবসময় সতর্ক আছি। কিসের চাপ, আপনাদের কাছে মনে হয়? এগুলা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত কাজ।’

এ ছাড়া, আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দল হিসেবে নিষিদ্ধ করা হবে কিনা—এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী জানান—এটি আইনানুগ বিষয়।

আরো পড়ুন : ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে, তারপরও আমাকে একটা বিমানও দিচ্ছে না

তিনি বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে একটি সংশ্লিষ্ট ধারায় সংশোধনের মাধ্যমে ইন্টেরিম গভর্নমেন্টের সময় দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচারের কার্যক্রম হাতে নেয়ার জন্য তদন্ত পরিচালনা করার সুযোগ সৃষ্টি হয়েছিল। তদন্ত চলছে, তদন্ত সম্ভবত শেষ পর্যায়ে।’

বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পরে আদালতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দল হিসেবে বিচারের বিষয়টি নির্ধারিত হবে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেহেতু, সংবিধানের আর্টিকেল ৪৭ অনুসারে বিধান আছে যে, ব্যক্তি, গোষ্ঠী আর দল হিসেবে কোনো সংগঠন যদি মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং আরেকটি অপরাধ—তিনটা অপরাধের বিষয়ে যদি জড়িত থাকে, তাহলে ব্যক্তির সাথে দলকে-সংগঠনকেও বিচারের আওতায় আনা যাবে। সেটা বিচারিক কার্যক্রম শেষ হলে শাস্তির বিষয়টা উল্লেখ আছে, দল নিষিদ্ধ করা পারমানেন্টলি অথবা কিছু সময়ের জন্য নিষিদ্ধ করা অথবা সংগঠনের সম্পত্তি জব্দ করা এ সমস্ত বিধান ওখানে আছে। তদন্ত শেষ হলে চার্জশিট দাখিল হলে সেই ট্রায়ালের পরে আদালত যেটা বিবেচনা করবেন সেই হিসেবে সেটা হবে।’

সাবেক অন্তর্বর্তী সরকারের আমলেই দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, ‘এখন বাকি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হবে। নির্বাচন কমিশন তাদের নির্ধারিত আইনের মধ্য দিয়ে তাদের রেজিস্ট্রেশন সাসপেন্ডেড করেছে সেটা এখনো বহাল আছে।’